
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে পুরসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের আবেদন দ্রুত নিষ্পত্তির পক্ষে সওয়াল করল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের অভিযোগ ও আবেদন দ্রুত বিবেচনার জন্য সোমবার নির্বাচন কমিশনকে দু’টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। শুনানিতে নির্বাচন কমিশনকে কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনা করে রাজ্যে এসআইআর ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে জমা পড়া আবেদনগুলিকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করার কথাও জানিয়েছে শীর্ষ আদালত। ফলে রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা মেটাতে এবার দ্রুত পদক্ষেপের উপরেই জোর দিল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, এসআইআর ট্রাইবুনালে নাম বাদ পড়ার বিরুদ্ধে যেমন আবেদন জমা পড়ছে, তেমনই নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধেও আর্জি জানাচ্ছেন অনেকে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, এই দুই ধরনের আবেদনকে আলাদা করে ফেলতে হবে। নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দিয়ে ট্রাইবুনালগুলিকে সেগুলির নিষ্পত্তি আগে করতে হবে। তার পরে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে জমা পড়া আবেদনের নিষ্পত্তি করলেও চলবে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি ভি মোহনার বেঞ্চের আরও নির্দেশ, যে সমস্ত বিধানসভা এলাকায় পুরভোট হবে, সেই সমস্ত এলাকার নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ গুরুত্ব দিতে হবে কলকাতা পুর এলাকায় নাম বাদ পড়া ভোটারদের আবেদনকেও। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, ট্রাইবুনালে যাতে সকলে আবেদন জানানোর সুযোগ পান, সে কথা মাথায় রেখে কলকাতার বিভিন্ন জায়গাকে চিহ্নিত করতে হবে। যাতায়াতের সুবিধা আছে, এমন জায়গায় ট্রাইবুনালের কাজ করতে হবে।
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির মামলাগুলি নিষ্পত্তির ভার যায় অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালের হাতে। বাদ পড়া বহু ভোটার নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। সেখানে কিছু মামলার নিষ্পত্তি হলেও অধিকাংশ মামলাই এখনও বিচারাধীন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির ভার সুপ্রিম কোর্ট তুলে দিয়েছিল কলকাতা হাই কোর্টের উপর। বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করে দেবেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইবুনাল বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির কাজ করবে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ট্রাইবুনাল কাজ করছে।
এসআইআর নিয়ে বিতর্ক এবং ট্রাইবুনালে জমে থাকা আবেদনের সংখ্যা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আছে। আবেদনের দ্রুত নিষ্পত্তিতে বিচারপতির সংখ্যা বাড়ানোর কথাও বলছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে আরও এক বিচারপতি কমলে দ্রুত নিষ্পত্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। বর্তমানে ট্রাইবুনালে অবসরপ্রাপ্ত বিচারপতির সংখ্যা ১৭। সূত্রের খবর, ট্রাইবুনালে প্রত্যেক দিন কাজ হচ্ছে না।
