
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের দিনের সাজকে আকর্ষণীয় ও নিখুঁত করে তুলতে সঠিক মেকআপ শিল্পী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পছন্দের লুক, শিল্পীর অভিজ্ঞতা, কাজের ধরন এবং পণ্যের গুণমান—সবকিছু যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, বিশেষ দিনের সাজে কোনওরকম অপূর্ণতা চান না কোনও কনেই। তাই আগে থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে বুঝে মেকআপ শিল্পী বেছে নেওয়া জরুরি।
∆ কাজের অভিজ্ঞতা কতটা?
মেকআপ শিল্পীর কাজের অভিজ্ঞতা যাচাই করা আপনার প্রথম কাজ। তিনি কতদিন ধরে এই পেশায় যুক্ত আছেন তা জেনে নিন। তাঁর দক্ষতা কেমন, সেটিও বুঝে নেওয়া জরুরি। নতুন কারও হাতে সাজলে খুঁত থেকে যেতে পারে। তাই অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। অন্তত তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
∆ প্রসাধনীর ব্র্যান্ড কোনটি—
কোন ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করা হচ্ছে তা জেনে নিন। ভালো মানের পণ্য ব্যবহার করা খুব দরকার। সব ব্র্যান্ড সবার ত্বকে মানায় না। তাই ত্বকের কথা ভেবে প্রশ্ন করুন। আপনার ত্বকে কোনও অযালার্জি থাকলে তা আগেভাগে জানিয়ে রাখুন। এমনকী নির্দিষ্ট কোনও ব্র্যান্ডে আপত্তি থাকলে তাও আগেভাগেই জানিয়ে দিন।
∆ সাজতে কত সময়—
পুরো সাজ শেষ করতে বেশ খানিকটা সময় লাগে। এই হিসাবটি আগে থেকেই মাথায় রাখা উচিত। মেকআপের জন্য সন্ধ্যার অনেকটা সময় নষ্ট হতে পারে। তাই হাতে কতটা সময় রাখতে হবে তা জেনে নিন। শিল্পীর থেকেই সঠিক সময়ের ধারণা নিন।

∆ আগের কাজের নমুনা—
আপনার বুকিং করা মেকআপ আর্টিস্ট আগে কী কাজ করেছেন তা দেখা জরুরি। কাজের নমুনা দেখলে দক্ষতা বোঝা যায়। তাঁর সাজের ধরন আপনার পছন্দ কি না তা যাচাই করুন। নিজের মনের মতো শৈলী না হলে সিদ্ধান্ত বদলান। আগেভাগেই সব পরিষ্কার হওয়া ভালো।
∆ চুলের সাজের ব্যবস্থা—
যাঁরা মেকআপ ও শাড়ি পরান, তাঁরা অনেক সময় চুল বাঁধেন না। সেক্ষেত্রে আলাদা হেয়ারস্টাইলিস্ট লাগতে পারে। আবার অনেক শিল্পী নিজেরাই হেয়ারস্টাইলিস্ট সঙ্গে আনেন। এই বিষয়টি নিয়ে শুরুতেই কথা বলে নিন। আগে থেকে স্পষ্ট থাকা জরুরি।
