
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর দাবিকে ঘিরে রাজ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কলকাতায় সাধারণ বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানিয়েছেন বাস মালিকরা। এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, বাস মালিকদের তরফে ভাড়া বাড়ানোর প্রস্তাব সরকারের কাছে জমা পড়েছে। তবে এখনই এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সার্ভে টিমের রিপোর্ট হাতে পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। পরিবহণমন্ত্রীর কথায়, রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে বেসরকারি বাস মালিকদের সহযোগিতাও অত্যন্ত জরুরি। শুধুমাত্র সরকারি বাসের উপর নির্ভর করে উন্নত গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস অপারেটরদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
গণপরিবহণে এখনও অন্যতম নির্ভরযোগ্য যান বাস। ২০১৮ সালে শেষবার বাসের ভাড়া বাড়ে। সেই সময়ে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৭০ টাকার কম। এখন যা অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে পরিষেবা দিতে গিয়ে বাস-মিনিবাস মালিকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’-এর। বেসরকারি বাস মালিকদের ভাড়া বাড়ানোর দাবি যে ন্যায্য, তা মানছেন মন্ত্রী। তবে তাঁর মতে, ‘ওরা বলেছে বাসে উঠলে ১৮ টাকা। আমার মনে হয়, এই রকম না হয়ে সার্ভে করে সঠিক তথ্যের উপরে সিদ্ধান্ত নেওয়া দরকার।’ পেট্রোল, ডিজেল, ড্রাইভারের খরচ, সব কিছুই বেড়েছে। তাই সঠিক পরিষেবা দিতে গেলে ভাড়া বাড়ানো উচিত বলেই মত পরিবহণ মন্ত্রীর।
