Priyansh Arya : ১৯ ছক্কায় রেকর্ড গড়লেন প্রিয়াংশ আর্য, ৮ রানের জন্য অধরা রইল বিশ্বরেকর্ড

Delhi captain Priyansh Arya
Delhi captain Priyansh Arya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে নজিরবিহীন কীর্তি গড়লেন দিল্লির অধিনায়ক প্রিয়াংশ আর্য। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ৬৮ বলে ১৮১ রান করলেন তিনি। এর ফলে টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের দখলে নিলেন প্রিয়াংশ। এর আগে এই নজির ছিল অন্য দুই তারকার দখলে। এদিনের ইনিংসে প্রিয়াংশের ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ১৯টি ছক্কা। শুধু সর্বোচ্চ রানের রেকর্ডই নয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর কৃতিত্বও অর্জন করেছেন তিনি। এর আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল লোকেশ রাহুলের। আইপিএলের গত মরসুমে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৫২ রান করেছিলেন তিনি। অন্যদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৫১ রানের ইনিংস খেলে দ্বিতীয় স্থানে ছিলেন তিলক বর্মা। এবার দু’জনকেই পিছনে ফেলে ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন প্রিয়াংশ আর্য। 

আর একটু হলে বিশ্বরেকর্ড গড়তে পারতেন প্রিয়াংশ। মাত্র ৮ রানের জন্য তা হাতছাড়া হয়েছে। বিশ্বরেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার লুয়ান দ্রে প্রিটোরিয়াসের। চলতি বছরই টাইটান্সের হয়ে নাইটসের বিরুদ্ধে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে প্রিয়াংশ। তাঁর পরেই ক্রিস গেল। ২০১৩ সালে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আইপিএলে এখনও সেটিই সর্বাধিক রানের ইনিংস।

তামিলনাড়ুর বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক দেখিয়েছে প্রিয়াংশকে। ৩৬ বলে শতরান করেছেন তিনি। তার পরেও তাঁর বড় শট খেলা থামেনি। তাঁর ব্যাটে ভর করে ২০ ওভারে ২৭৫ রান করেছে দিল্লি। আইপিএলে পঞ্জাবের হয়ে নিয়মিত ওপেন করেন প্রিয়াংশ। ভারত ‘এ’ দলেও খেলেছেন। এই ইনিংসের পর ভারতের টি-টোয়েন্টি দলে ঢোকার দাবি জোরালো করলেন এই বাঁহাতি ওপেনার। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…