
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টালার পর এবার শিয়ালদহে রেল পরিষেবা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হল। রেললাইনের ঠিক নিচে থাকা নিকাশি নালায় ধস নামায় ফেটে গিয়েছে পাইপের একাংশ। যদিও এই বিপত্তির কারণে এখনও পর্যন্ত ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি, তবে পরিস্থিতি আরও জটিল হলে রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় স্টেশন থেকে বেরনোর মুখে এই সমস্যাটি নজরে আসে। বিষয়টি জানার পরই দ্রুত মেরামতির কাজে নেমে পড়েন রেলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ, মঙ্গলবার সকালেও তা অব্যাহত রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন রেল আধিকারিকরা।
রেল সূত্রে জানা গিয়েছে, বহু পুরনো এই নিকাশি নালায় রবিবার প্রথম ধস নামে বলে ধরা পড়েছে। সোমবার সমস্যা আরও বেড়ে যায়। ধসের জেরে রেলট্র্যাকের নিচে জলের পাইপ ফেটে গিয়েছে বলে খবর। এরপরই দ্রুত কাজে নামেন রেলকর্মীরা। তবে যেখানে এই সমস্যা হয়েছে, সেটি মেন লাইন নয়, লুপ লাইনে। তাই রেলের তরফে আশ্বস্ত করা হয়েছে, এই কাজের জন্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না। শুধু রেলকর্মীই নয়, এই কাজে হাত লাগিয়েছেন পুরসভার কর্মীরাও। কারণ, এলাকাটি কলকাতা পুরসভার অন্তর্গত।
শিয়ালদহ দেশের অন্যতম ব্যস্ত স্টেশন। অনেক ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন চলে। আর তাই রেলট্র্যাকের নিচে নালায় ধসের খবরে উদ্বিগ্ন হয়ে ওঠেন যাত্রীরা, যদি কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি বলেই খবর। বিশেষজ্ঞদের মতে, বহু পুরনো এই নালার দীর্ঘকাল সংস্কার না হওয়ায় এই বিপত্তি হয়েছে। কাজ কতক্ষণে শেষ হয়ে সব ঠিকঠাক হবে, সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।
