
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বেহালার বাড়ি থেকে নবান্নের উদ্দেশে যাওয়ার পথেই তাঁর গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। জানা গিয়েছে, আচমকাই একটি অটো মন্ত্রীর গাড়ির সামনে চলে আসায় ঘটে বিপত্তি। সংঘর্ষের জেরে গাড়ির সামনের অংশটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার পর ক্রীড়ামন্ত্রীর শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা নিয়েই এখন আগ্রহ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, সোমবার সকালে ডায়মন্ডহারবার রোডের বেহালা বাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে। আচমকা মন্ত্রীর গাড়ির সামনে চলে আসে একটি অটো। দুটি গাড়িই আচমকা ব্রেক কষায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সূত্রের খবর, অটোর ধাক্কায় মন্ত্রীর গাড়ির ক্ষতি হলেও ক্রীড়ামন্ত্রীর কোনও আঘাত লাগেনি। তিনি গাড়িতে থাকলেও দুর্ঘটনার জেরে কোনও চোট লাগেনি তাঁর। তবে গাড়ির সামনের অংশটি দুমড়ে গিয়েছে। এদিন নবান্নে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ইন্দ্রনীল খাঁ। দুর্ঘটনার জেরে নবান্নে যেতে কিছুটা দেরী হলেও পরিস্থিতি সামলে তিনি নবান্নে পৌঁছন। সেখানে বৈঠকেও যোগ দেন তিনি। যদিও এবিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এটি স্বাভাবিক কোনও দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অটো চালক ইচ্ছাকৃত মন্ত্রীর গাড়ির সামনে চলে আসে কি না তা-ও দেখা হচ্ছে। তবে আপাতত কোনও গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি। এবিষয়ে অটো চালকের ভূমিকা খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
