Modi-Balendra: গঙ্গাজল বনাম রুদ্রাক্ষ! মোদি-বলেন্দ্রর উপহার বিনিময়ে ফুটে উঠল ভারত-নেপালের সংস্কৃতি

PM Modi holds bilateral talks with Nepal PM Balendra Shah in New Delhi
PM Modi holds bilateral talks with Nepal PM Balendra Shah in New Delhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চিনের সঙ্গে ঘনিষ্ঠতার অতীত পেরিয়ে প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে ভারতকেই বেছে নিলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দু’দিনের সফরে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। সেখানে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের আগে চলে উপহার বিনিময় পর্ব। সেই সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে ভারত ও নেপালের দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের বিশেষ দিকগুলিও উঠে আসে। এবার প্রশ্ন, এই বিশেষ সাক্ষাতে একে অপরকে কী উপহার দিলেন মোদী ও বলেন্দ্র শাহ? 

প্রধানমন্ত্রী মোদি ভারত-অতিথি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে একটি বিশেষ পাত্রে পবিত্র গঙ্গার জল উপহার দেন, যা ত্রিবেণী সঙ্গম থেকে আনা হয়েছিল। পালটা বলেন্দ্র একটি একমুখী রুদ্রাক্ষ, একটি চন্দন কাঠ এবং একটি শালগ্রাম শিলা উপহার দেন মোদিকে। এই সব কিছুই কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির থেকে আনা হয়েছিল। উল্লেখ্য, পশুপতিনাথ মন্দিরের এই একমুখী রুদ্রাক্ষকে আধ্যাত্মিক জগতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নেপাল ও ভারত দুই দেশেই সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হিন্দু। ভারত থেকে বহু পর্যটক প্রতি বছর নেপালে বেড়াতে যান। হিমালয়ের দেশে অন্যতম আকর্ষণ বিখ্যাত তীর্থ পশুপতিনাথ মন্দির। সেখানকার একমুখী রুদ্রাক্ষ, চন্দন কাঠ এবং শালগ্রাম শিলা মোদিকে উপহার তাৎপর্যপূর্ণ। অপরপক্ষে ভারতেও আসেন বহু নেপালি পর্যটক। তাঁদের অন্যতম গন্তব্য হয় এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম। সেই পবিত্রস্থানের গঙ্গার জল উপহার দিয়ে পালটা ইঙ্গিতবাহী সংযোগ তৈরি করলেন মোদি। 

পরে বলেন্দ্র শাহ রাজঘাট পরিদর্শন করেন। সেখানে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরিদর্শকদের জন্য রাখা বইটিতে নিজের ভাবনা লিপিবদ্ধ করেন। সেখানে তিনি লেখেন— “এই পবিত্র স্থানে আমি মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যাঁর জীবন গোটা বিশ্বের সামনে প্রমাণ করেছে, সত্যের এমন এক শক্তি রয়েছে যার সমকক্ষ অন্য কোনও শক্তি নেই।” এরপর, তিনি নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দুই নেতা ভারত-নেপাল সম্পর্কের সামগ্রিক দিকগুলির পর্যালোচনা করেন। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে আসে।

এদিনের বৈঠক শেষে ভারত ও নেপালের সম্মিলিত ইতিহাসের মূর্ত প্রতীক রাম ও সীতা, একথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ”নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।” বৈঠক শেষে বক্তব্য রাখার সময় মোদি বলেন, নেপাল ও ভারত স্রেফ প্রতিবেশী নয়। বরং দুই দেশের মধ্যে রয়েছে নিবিড় বিশ্বাসের সম্পর্ক। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা আমাদের আনন্দগুলি ভাগ করে নিই। আবার চ্যালেঞ্জগুলিও ভাগ করি। একে অপরের প্রগতির অংশীদার আমরা। কঠিন সময়েও পরস্পরের পাশে থাকি।” নেপালের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত ও নেপাল উভয়পক্ষের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে অর্থবহ ও ভবিষ্যৎমুখী আলোচনা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় দেশ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…