CM Suvendu Adhikari | চাকরিপ্রার্থীদের জন্য সুখবর!‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, বার্তা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে সরকারি চাকরির আবেদন করতে আর কোনও ফি জমা দিতে হবে না। চাকরির পরীক্ষার আবেদনমূল্য সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণায় সরকারি চাকরির আশায় থাকা বেকার যুবক-যুবতীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।তাঁর মতে, “চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।” মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “জেনারেল (সাধারণদের) কলেজ সার্ভিস কমিশনে আবেদনে সবচেয়ে বেশি ফি দিতে হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হয়। বেকার যুবক যুবতীদের আর টাকা দিয়ে আবেদন করতে হবে না। রাজ্য সরকার সেই খরচ দেবে। কারণ, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।” এদিনের মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য-সহ রাজ্যের নানা দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, “রাজ্যে মোট ১০ হাজার ১৪৭ কর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্য-সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ। কিছু চুক্তিভিত্তিক নিয়োগও হবে। আমাদের লক্ষ্য ১ লক্ষ নিয়োগ করব। ডিসেম্বরে ১ হাজার ৩৩১ জনের নিয়োগপত্র দেব। ২৬ হাজারের চাকরি হারানোর পর সুপ্রিম কোর্টের নির্দেশে জানুয়ারির মধ্যে দফায় দফায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব।”বলে রাখা ভালো, নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি নেতারা বারবার বলেছিলেন, বাংলায় তাঁরা ক্ষমতায় এলে আবার নিয়োগ হবে। বেকারত্ব ঘুচবে। দায়িত্ব পাওয়ার পর যা নিয়ে বিন্দুমাত্রও ঢিলেমি করেনি বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই জানিয়েছিলেন চাকরির বয়সসীমা বাড়ানো হচ্ছে ৫ বছর। কারণ হিসেবে জানিয়েছিলেন, তৃণমূল সরকারের জমানায় নিয়োগ হয়নি। ফলে বহু যুবক-যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগই পাননি। গ্রুপ এ-এর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা বাড়িয়ে করা হল ৪১ বছর। গ্রুপ বি-এর জন্য আবেদনের বয়সসীমা বাড়িয়ে করা হল ৪৪ বছর। গ্রুপ সি ও ডি-এর জন্য আবেদনের বয়সসীমা বাড়িয়ে করা হল ৪৫ বছর। তারপর আবেদনের ফি মকুবের সিদ্ধান্তে স্বভাবতই খুশি সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীরা।মোট ১০১৪৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত। পিএসসি, পিআরবি, হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। কিছু ক্ষেত্রে জেলাশাসকের মাধ্যমে প্রকল্প ভিত্তিক চুক্তিনির্ভর নিয়োগ হবে।এখন যে মোট ১০১৪৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে ১০০০ জনকে নেওয়া হবে। এছাড়াও, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, রাইফেলম্যান, অ্যান্টি নারকোটিক্সে নিয়োগ হবে।২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পরে, নতুন পরীক্ষা হয়েছে। সেটার রেজ়াল্ট বেরিয়েছে। সেখানেও ধাপে ধাপে শুরু হবে নিয়োগ, আশ্বাস মুখ্যমন্ত্রীর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…