
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে জমি বিক্রি করা যাবে না! এমনই বিতর্কিত ধর্মীয় বিধিনিষেধ উল্লেখ করে জাতীয় সড়কের ধারে সাইনবোর্ড টাঙিয়েছিলেন স্থানীয়দের একাংশ। আর সেই বোর্ড ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের নিশানায় আসে শাসকদল বিজেপি। যদিও এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিতর্কিত সাইনবোর্ডটিও খুলে দেন বিজেপি নেতারা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মঙ্গলকোটের সীমান্তবর্তী গোবিন্দপুর এবং রঘুনাথপুর এলাকায় এখনও চাপা উত্তেজনা ও চাঞ্চল্য রয়েছে।
বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কে গুসকরা থেকে বোলপুর যাওয়ার পথে এক দিকে আউশগ্রামের গোবিন্দপুর, অন্য দিকে মঙ্গলকোটের রঘুনাথপুর। স্থানীয় সূত্রে খবর, কেশবপুর বাসস্ট্যান্ড থেকে শিববাটি গ্রামের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু’পাশে জমির চাহিদা যথেষ্ট। ব্যবসায়িক প্রয়োজনে অনেকে সেখানে জমি কিনেছেন। কয়েকটি জমিতে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়ি ও বাণিজ্যিক ভবনও। স্থানীয়দের একাংশের দাবি, হিন্দু অধ্যুষিত এই দুই গ্রামে গত প্রায় দশ বছর ধরে ভিন এলাকা থেকে আসা মুসলিম সম্প্রদায়ের ব্যবসায়ীরা চড়া দাম দিয়ে জমি কিনছেন। সেই প্রবণতা রুখতেই শনিবার রাতে কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার ধারে একটি সাইনবোর্ড পুঁতে দেন বলে অভিযোগ। যেখানে লেখা ছিল, ‘হিন্দুদের জমি ও জায়গা কোনও মুসলিমকে বিক্রি করা যাবে না। পুরনো কেনা জমি ও জায়গার উপর মুসলিমদের বাড়ি ও দোকান তৈরি করা যাবে না।’ নীচে লেখা ছিল, ‘হিন্দু ঐক্য জিন্দাবাদ’। স্বাক্ষরে উল্লেখ করা হয়, ‘গোবিন্দপুর ও রঘুনাথপুর গ্রামবাসী’।
রবিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। বিরোধীদের অভিযোগ, এর পিছনে বিজেপির মদত রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির আউশগ্রাম ৪ নম্বর মণ্ডল সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায়। তাঁর দাবি, এটি কোনও দলীয় সিদ্ধান্ত নয়। গ্রামবাসীদের একাংশ আলোচনা করে সাইনবোর্ডটি লাগিয়েছিলেন। কারণ এই সমস্যা বহুদিন ধরেই চলছে। বিজেপি নেতার কথায়, হিন্দু অধ্যুষিত এই এলাকা। বিশেষ করে কাসেমনগর, নতুনহাট, মঙ্গলকোট প্রভৃতি এলাকা থেকে ভিন্ন সম্প্রদায়ের ব্যবসায়ীরা এসে জমিগুলো কিনে নিচ্ছেন। তাতে ভবিষ্যতে দুই সম্প্রদায়ের মধ্যে জটিলতা দেখা দিতে পারে বলে স্থানীয় গ্রামবাসীরা আশঙ্কা করছেন। পাশাপাশি সুদীপ্তর দাবি, “যদিও আমি গ্রামবাসীদের বলেছিলাম এখন এসব কিছু করতে হবে না। হয়তো কারও প্ররোচনায় কয়েকজন মিলে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল।” সুদীপ্তর কথায়, ‘‘আমরা চাই না, দুই সম্প্রদায়ের মধ্যে মৈত্রীর সম্পর্ক বিঘ্নিত হোক।’’ এদিকে পুলিশের কাছেও এহেন সাইনবোর্ডের খবর পৌঁছয়। তারা স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে বিষয়টি জানতে চায়। এর পরেই কয়েক জন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ডটি খুলে দেন সুদীপ্ত।
