
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ফের সক্রিয় হল প্রশাসন। তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব নেওয়া হলেও কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন না মেলায় তা বাস্তবায়িত হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সেই নাম পরিবর্তনের ভাবনায় নতুন মোড়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ নেওয়া হবে। সোমবার সাংবাদিক বৈঠকে সেই পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় রাজ্যের নাম সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব পেশ করা হবে। বিধানসভায় প্রস্তাবটি পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।
প্রশাসনিক প্রয়োজনে এ রাজ্যের নাম বদলের ভাবনা বহুদিনের। এর নেপথ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কারণও। আসলে রাজ্যের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী রাজ্যগুলোকে বলার সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সুযোগ পায় সবার শেষে। ১৯৯৯ সালের ২০ জুলাই অর্থাৎ বাম জমানায় বিধানসভায় প্রস্তাব পেশ করা হয়েছিল, রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করা হোক। কিন্তু আলোচনায় তখন ঠিক হয় ‘বাংলা’ নামটা ভালো। যদিও তা ফলপ্রসূ হয়নি। পরবর্তীকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের নাম বদলের চেষ্টা করেছিলেন। কিন্তু তাও সফল হয়নি।
তবে পালাবদলের পরই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, “এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল, কোনও বাংলা, কোনও পশ্চিমবাংলা নয়। এ বার থেকে শুধু পশ্চিমবঙ্গ নাম হবে।” সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এবার আর ওয়েস্ট বেঙ্গল নয়, সব ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। আগামী ৪ তারিখ থেকে বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন। ৯ ডিসেম্বর পেশ করা হবে নাম বদলের প্রস্তাব।

বিদ্যুৎ বিলের নিয়মে বড়সড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। এবার থেকে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই গ্রাহকদের হাতে পৌঁছবে বিদ্যুতের বিল। আগামী বছর জানুয়ারি মাস থেকেই নতুন এই ব্যবস্থা চালু হতে চলেছে বলে সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের তরফে মাসিক বিলের দাবি উঠছিল। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির বিষয়টিও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তিনি জানান, গত ছ’মাসে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাড়তি চাহিদা সামাল দিতে আগামী ডিসেম্বর থেকেই বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে রাজ্যকে।সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে একাধিক বিষয়ে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানান, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তিনমাস বিল পাঠানো নিয়ে মানুষের আপত্তি ছিল। এবার প্রত্যেকমাসে মিটার রিডিং করা হবে। সেই মতো প্রত্যেকমাসেই বিল আসবে। আর তা জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতদিন তিনমাস অন্তর গ্রাহকদের বিল পাঠাত রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। তা নিয়ে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন ছিল। ছিল একাধিক বিভ্রান্তিও। মুখ্যমন্ত্রীর এদিনের সিদ্ধান্তে এই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।তিনি বলেন, ”ডিসেম্বর মাস থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। আগে রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত ছিল। কিন্তু গত ছয়মাসে পরিস্থিতি বদলে গিয়েছে।” সেই ডেটাও খুব শীঘ্রই সামনে আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, আগের সরকারের সময় ব্যবসা, ইন্ডাস্ট্রি বন্ধ ছিল। কিন্তু এখন অবস্থার বদল ঘটছে। বিদ্যুৎ কিনতে হচ্ছে। তাই টেন্ডারও ডাকা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, বিদ্যুৎ সরবরাহ নিয়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্ত সংস্থার মাধ্যমে গোটা রাজ্যে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিচ্ছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL)। আগামী ২৫ বছরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ক্রয়, সরবরাহের দায়িত্ব নিচ্ছে গৌতম আদানির সংস্থা। সেই মতো একটি চুক্তিও হয়েছে বলে খবর।
