Sabina Yasmin | মোথাবাড়ি কাণ্ডে এনআইএ দপ্তরে সাবিনা, নিশানায় ‘রাজনৈতিক উদ্দেশ্য’!

Sabina Yasmin
Sabina Yasmin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মোথাবাড়ি কাণ্ডের তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে তাঁকে এবং তাঁর স্বামী মেহবুব আলমকে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই সোমবার বেলা ১১টার পর স্বামীকে সঙ্গে নিয়ে এনআইএ দফতরে পৌঁছন সাবিনা। সেখানে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ঘটনার দিন তাঁর স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে নির্বাচনী কর্মসূচি সেরে ফেরার পথে এলাকায় অশান্তি দেখে জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী। তাঁর কথায়, “কেন্দ্রীয় এজেন্সির তলবের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব চলাকালীন গত ১ এপ্রিল উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এছাড়াও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তার ঘটনায় তদন্তভার হাতে নেয় এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে দু’টি মামলার মধ্য়ে একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে। আর একটি মামলায় ১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ৫৪ পাতা ও দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়। এর মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা, সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা, সরকারি কাজে বাধা দান-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযুক্ত হিসেবে ২৩ জনকে দেখানো হয়েছে চার্জশিটে। মোথাবাড়িতে অশান্তির ঘটনার নেপথ্যে প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীর বিরুদ্ধে মদতের অভিযোগ উঠেছিল। এ দিন এনআইএ দপ্তরে ঢোকার আগে এ প্রসঙ্গে সাবিনা বলেন, “ভোটের মুখে দলীয় অনুষ্ঠান সেরে ফেরার পথে জাতীয় সড়কে অশান্তির ঘটনা দেখে গাড়ি থামিয়ে জমায়েত হঠানোর চেষ্টা করেছিলাম। সব ভিডিও আছে। আমি স্বামী সেদিন ঘটনাস্থলে ছিলেনই না।”

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। সেদিন সকাল ১১টা নাগাদ মালদহের কালিয়াচক থানায় তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেখানে উপস্থিত হতে পারেননি তিনি। কারণ, সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল। স্বামীর পাশে থাকতেই কলকাতায় ছিলেন সাবিনা। তাই সেদিন কালিয়াচক থানার পরিবর্তে কলকাতায় এনআইএর দফতরে গিয়ে হাজিরা দেন তিনি। এবার এক মাসের ব্যবধানে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হলেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামী মেহবুব আলম। তদন্তকারী সূত্রে খবর, মোথাবাড়ি কাণ্ডের প্রকৃত ঘটনা জানতে দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…