CM Suvenddu Adhikari | জানুয়ারি থেকে চালু ‘ভরসা’ প্রকল্প’, কত টাকা পাবেন বেকার যুবক-যুবতীরা?জানালেন মুখ্যমন্ত্রী

CM Suvenddu Adhikari
CM Suvenddu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে নতুন প্রকল্প চালুর পথে রাজ্য সরকার। ‘যুবসাথী’ নাম বদলে নতুন নাম রাখা হয়েছে ‘ভরসা’। এবার এই প্রকল্পের সুবিধা কারা পাবেন এবং কত টাকা করে ভাতা দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকেই চালু হবে এই প্রকল্প। স্নাতক এবং সরকারি কলেজ থেকে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্ত যোগ্য যুবক-যুবতীরা মাসে ২০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, যাঁরা স্নাতক নন, তাঁদের জন্য মাসিক ভাতার পরিমাণ ধার্য করা হয়েছে ১৫০০ টাকা। প্রাথমিকভাবে ১৫ মাস পর্যন্ত এই আর্থিক সহায়তা দেওয়া হবে। পরবর্তী সময়ে ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ছাব্বিশের ভোটের ঠিক আগে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে ১৫০০ টাকা করে পেতেন কর্মহীন যুবক-যুবতীরা। যদিও মাত্র ২ মাস সেই ভাতা পাওয়া গিয়েছিল। এরপর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। এবার সেই ‘যুবসাথী’ প্রকল্পকে বদলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেই জানিয়েছিলেন, কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ভরসা’ প্রকল্প চালু হবে। এই প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কেও আগে ঘোষণা করেছিলেন। স্নাতকরা প্রতি মাসে ৩০০০ টাকা ও স্নাতক নন যাঁরা, তাঁরা ২০০০ টাকা করে পাবেন।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প চালুতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হল। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বললেন, ‘‘ভোটের আগে ভোটমুখী প্রকল্প হিসেবে আগের সরকার বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিল। মাসে ১৫০০ টাকা করে দেওয়া হতো। আমরা সেই প্রকল্পের নাম বদলে দিলাম। এখন এর নাম ‘ভরসা’ প্রকল্প। জানুয়ারি মাস থেকে বেকার যুবক-যুবতীরা তা পাবেন। আমরা জানিয়েছিলাম, স্নাতকরা প্রতি মাসে ৩০০০ টাকা ও স্নাতক নন যাঁরা, তাঁরা ২০০০ টাকা করে পাবেন। কিন্তু সরকার এসেছে ৬ মাস হয়েছে মোটে। তার মাঝে আগে দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অনেকটা অংশ মেটাতে হয়েছে। তাতে অনেকটা খরচ হয়েছে। তাই জন্য জানুয়ারি মাস থেকে একবছর আমরা স্নাতকদের ২০০০ টাকা করে আর স্নাতক নন যারা, তাদের ১৫০০ টাকা করে দেব। এই প্রকল্পের আওতায় এবার স্নাতকের পাশাপাশি কারিগরি শিক্ষার ট্রেনিংপ্রাপ্তদেরও এনেছি। তবে আগামী অর্থবর্ষ মানে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আবার আগের ঘোষণামতো ভাতা দেব। এই ১৫ মাস সবাইকে একটু মানিয়ে নেওয়ার অনুরোধ করছি।” এক পরিবারে সর্বোচ্চ ২ জন এই ভাতা পাওয়ার যোগ্য। যাঁরা অন্নপূর্ণা বা অন্য কোনও সরকারি ভাতা পান, তাঁরা কেউ ‘ভরসা’র সুবিধা পাবেন না। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…