congress Samajwadi Party Meeting | আসন ভাগাভাগি নিয়ে সংঘাত, সপা-কংগ্রেস বৈঠক ঘিরে নতুন করে জল্পনা

Samajwadi Party
Samajwadi Party

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী শিবির। কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা) একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নিলেও আসন বণ্টনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে তৈরি হয়েছে জটিলতা। সূত্রের খবর, নির্বাচনে অখিলেশ যাদবের দলের কাছে ১০০-র বেশি আসন দাবি করেছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের এই দাবি মেনে নিতে নারাজ সমাজবাদী পার্টি। ফলে জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে সংশয়।

বৈঠক প্রসঙ্গে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র বলেন, ”ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে আসন ভাগাভাগি হয়ে যাবে। তবে কংগ্রেসের দাবি, আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত কোনও আলোচনা হয়নি। তবে বৈঠকে কংগ্রেসের নজর ছিল উত্তরপ্রদেশের ৬০টি ‘এ-গ্রেড’ আসনে। অর্থাৎ যেখানে জয়ের সম্ভাবনা বেশি। দলীয় সূত্রের খবর, কংগ্রেস চাইছে ১০০টি আসন। যাতে অন্তত ৬০টি আসনে জিততে পারে হাত শিবির। কংগ্রেসের দাবি, সেইসব বিধানসভা কেন্দ্রগুলি তাদের দেওয়া হোক যেখানে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তারা এগিয়ে ছিল বা অল্প ব্যবধানে এগিয়েছিল। এছাড়া, অতীতের ‘দলিত-মুসলিম-ব্রাহ্মণ’ ফর্মুলার আসনগুলিও চাইছে হাত শিবির। ২০১৭ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসকে ১০৫টি আসন ছেড়েছিল সপা। সেই হিসেবে এবার ১০০-র বেশি আসন দাবি করেছে হাত শিবির। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনে ১৭টি আসনে লড়েছিল কংগ্রেস। সেই হিসেবে বিধানসভায় ৮৫টি আসন দাবি করা হচ্ছে।

এ প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন, “আমরা শুধু সংখ্যা নয়, জেতার মতো আসন চাই। দলিত, ব্রাহ্মণ ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট টানতে হলে সম্মানজনক আসন দরকার।” এই অবস্থায় অতি উৎসাহে কংগ্রেস সপাকে ১৮১টি আসনের তালিকা পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। তবে অখিলেশ যাদব ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “আসন সংখ্যা নয়, ভোটে জেতাই আসল।” সপার এক সাংসদ কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “উত্তরপ্রদেশে কংগ্রেসের নিজস্ব কোনও ভোটব্যাঙ্ক নেই। গত বিধানসভায় ওরা মাত্র ২টি আসন ও ২ শতাংশ ভোট পেয়েছিল। ফলে বেশি আসনের পরিবর্তে কংগ্রেস যেসব আসনে গত ২ বিধানসভায় ভালো ফল করেছে, এবং যেখানে তাদের শক্তিশালী নেতৃত্ব রয়েছে, সেই আসনগুলির দাবি করুক।” সূত্রের খবর, কংগ্রেসের ১৮১ আসনের পালটা সপার তরফে কংগ্রেসকে ৫৫টি আসনের তালিকা পাঠানো হয়েছে।

এর আগে ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করেছিল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সেবার ৪০৩টি আসনের মধ্যে ২৯৮টিতে প্রার্থী দিয়েছিল সপা এবং ১০৫টি আসনে লড়েছিল কংগ্রেস। তবে ২০২২ সালের নির্বাচনে দুই দলের সেই জোট আর বজায় থাকেনি। পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোটবদ্ধভাবে ভালো ফল করার পর আগামী বিধানসভা নির্বাচনেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া দুই শিবির। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের মতো ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও সঠিক আসন সমঝোতাই জয়ের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে। শুধু আসন বণ্টনই নয়, সূত্রের খবর, কয়েকটি কেন্দ্রে সমাজবাদী পার্টির নেতাদের কংগ্রেসের প্রতীকে প্রার্থী করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ফলে জোটের রসায়ন ঠিক রাখতে দুই দলের মধ্যে দরকষাকষি আরও বাড়তে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…