Supreme Court Kolkata Municipal Election :কলকাতা পুরভোট নিয়ে অনিশ্চয়তা অব্যাহত, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় বুধবার পরবর্তী শুনানি

Supreme Court Kolkata Municipal Election
Supreme Court Kolkata Municipal Election

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরভোট সংক্রান্ত মামলায় এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ও কলকাতা পুরনিগম। ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত আদতে কারা নিয়েছে, সেই বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। রাজ্যের হাতে ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষমতা থাকলেও গোটা প্রক্রিয়া নির্ধারিত আইন মেনে সম্পন্ন হয়েছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করে আদালত। এদিন রাজ্য সরকার ও কলকাতা পুরনিগমের আইনজীবীদের বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানির দিন আগামী বুধবার ধার্য করেছে শীর্ষ আদালত। ফলে কলকাতা পুরভোট কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটল না।

কলকাতার পুরভোট ঘোষণায় গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলাটি বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। এ অবস্থায় হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কলকাতা পুরসভার তরফেও পৃথক ভাবে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে কলকাতার পুরসভার আসন পুনর্বিন্যাস এবং পুরভোট ঘোষণার জটিলতা সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সেখানে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি প্রধান বিচারপতির এজলাসে জানান, হাই কোর্টে যে মামলাটি করা হয়েছিল তাতে কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়নি। মূল আপত্তি জানানো হয়েছিল ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ নিয়ে। তাঁর সওয়াল, এই ওয়ার্ড পুনর্বিন্যাস রাজ্য সরকারই করেছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নেননি বলেই আদালতে জানান তিনি।

এ প্রসঙ্গে ১০ সেপ্টেম্বরের একটি চিঠির কথাও আদালতে উল্লেখ করেন রাজ্যের আইনজীবী। জানান, ওই চিঠিতে পুর কমিশনারও লিখেছিলেন— রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিবের নির্দেশে চূড়ান্ত সুপারিশ ও সংশোধিত খসড়া সরকারের বিবেচনার জন্য পাঠানো হচ্ছে।

ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে আপত্তি শোনার জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছিল, তা-ও এ দিন এজলাসে তুলে ধরেন সলিসিটর জেনারেল। তিনি জানান, এর জন্য রাজ্য সরকার ১০ জন আধিকারিককে নিযুক্ত করেছিল। তাঁরাই আপত্তির শুনানি করেছিলেন। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়েছিল। দু’দফায় আপত্তি জানানোর সুযোগও দেওয়া হয়েছিল। সর্বদল বৈঠকও করা হয়েছিল। পুরো প্রক্রিয়াই স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছিল বলে আদালতে সওয়াল আইনজীবীর।

শুনানির একটি পর্যায়ে রাজ্যের উদ্দেশে বিচারপতি বাগচী প্রশ্ন করেন, “কলকাতা পুরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং নির্বাচিত পুরসভার অস্তিত্বই না থাকে, তাহলে সেই পুরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারায় সুপারিশ কী ভাবে পাওয়া সম্ভব? যে সংস্থার অস্তিত্ব নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কী ভাবে ওই আইনি ক্ষমতা (আসন পুনর্বিন্যাসের ক্ষমতা) প্রয়োগ করবে?” আগামী বুধবার ফের এই মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।

সম্প্রতি কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। তাতে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। গত ১১ সেপ্টেম্বর এ বিষয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি যাতে রাজনৈতিক সুবিধা পায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। এমনকি, পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াটি আইন মেনে করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।মামলাকারী ওই সিপিএম নেতার আরও দাবি, পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা নেই পুর-কমিশনারের। এমতাবস্থায় ভোট ঘোষণার আগে রাজ্যের জারি করা ওয়ার্ড বিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চায় সিপিএম। প্রথমে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ সিপিএমের আবেদন মেনে ভোট ঘোষণা স্থগিত করতে চায়নি।

পরবর্তী সময়ে গত ৪ নভেম্বর সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী দিপু। তাঁর আশঙ্কা, যে কোনও দিন কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই মামলার আর কোনও গুরুত্ব থাকবে না। তার পরেই ভোট ঘোষণার উপরে স্থগিতাদেশ দেয় হাই কোর্টে। এ বার সেই আইনি জটিলতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…