
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, সম্প্রতি বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে সূর্য। অন্যদিকে, গত ২২ নভেম্বর মেষ রাশিতে অবস্থান নিয়েছে চাঁদ। জ্যোতিষীদের মতে, এই দুই গ্রহের অবস্থান একে অপরের ষষ্ঠ ও অষ্টম ঘরে থাকায় তৈরি হয়েছে অশুভ ষড়াষ্টক যোগ। এই গ্রহগত অবস্থানের প্রভাবে জীবনের নানা ক্ষেত্রে বাধা, মানসিক অস্থিরতা এবং আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্র, ব্যবসা, বিনিয়োগ এবং আর্থিক লেনদেনের বিষয়ে কয়েকটি রাশির জাতকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু কোন কোন রাশির উপর এই অশুভ যোগের প্রভাব পড়তে পারে? কার জীবনে আসতে পারে বাড়তি সমস্যা? জেনে নেওয়া যাক।
বৃষ রাশিতে প্রভাব
এই রাশির জাতকদের আর্থিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। আচমকা কোনও বড় খরচ সামনে আসতে পারে, ফলে মাসের বাজেট উলটে পালটে যেতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা করবেন না। কোথাও টাকা বিনিয়োগ করার বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। সামান্য বিষয় নিয়ে তর্কে জড়ালে কাজের ক্ষতি হতে পারে। পাশাপাশি জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় পরিবারের চিন্তা বাড়াতে পারে। এই সময় সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
বৃশ্চিক রাশিতে কী প্রভাব
আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই রাশির জাতকদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে মোটা অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকেও দূরে থাকা ভালো। চাকরিজীবীদের প্রতিটি কাজ মন দিয়ে করতে হবে। তাড়াহুড়োয় ছোট কোনও ভুল থেকে গেলে বড় সমস্যার কারণ হতে পারে। ব্যক্তিগত জীবনেও কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। অযথা কোনও বিষয় নিয়ে বিতর্কে জড়ালে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। স্বাস্থ্যের কোনও গুরুতর সমস্যাকে অবহেলা করবেন না।
ধনু রাশিতে কী প্রভাব
এই রাশির জাতকদের আর্থিক ও পেশাগত জীবনে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। শেয়ার বাজার কিংবা অন্য কোনও ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য ছাড়া টাকা বিনিয়োগ করলে লোকসান হতে পারে। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফল পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। ধৈর্য ধরে নিজের কাজে মন দিন। অফিসে নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে ভাগ করে নিলে বিপদে পড়তে পারেন। কোথাও যাতায়াতের সময় মূল্যবান জিনিসপত্রের দিকেও নজর রাখুন।
