
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয় সংস্থা। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্টোরি এডিটের সুবিধা আনতে চলেছে ইনস্টাগ্রাম। ফলে স্টোরি পোস্ট করার পর কোনও ভুল নজরে এলে আর পুরো স্টোরি মুছে নতুন করে আপলোড করার প্রয়োজন হবে না।
জানা গিয়েছে, এবার ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করার পর তার ভুল সংশোধনের জন্য মিলবে ১৫ মিনিট। অর্থাৎ ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করা যাবে। তবে সেক্ষেত্রে ‘এডিটেড’ লেবেল দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন যে সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। এই ফিচারটি চালু হলে কন্টেন্ট ক্রিয়েটর, ব্র্যান্ড এবং যারা নিয়মিত পোস্ট করেন, তাদের ভীষণ সুবিধা হবে বলেই মনে করছে সংস্থা। তবে এখানেই শেষ নয়, স্টোরি ইন্টারফেসেও আনা হয়েছে নতুনত্ব। এখন এতে যোগ করা হয়েছে নতুন ব্যাকগ্রাউন্ড-যেমন ব্লার বা গ্রেডিয়েন্ট এফেক্ট। এছাড়া ফন্ট ও স্টিকারের অপশনও বাড়ানো হয়েছে। যা আপনার স্টোরিকে আরও আকর্ষণীয় করে তুলবে।
উল্লেখ্য, কিছুদিন আগে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এবং ভাইস প্রেসিডেন্ট টেসা লায়ন্স একটি ভিডিওর মাধ্যমে ‘ফিচারস’ নামে নতুন একটি ফরম্যাটের কথা জানিয়েছেন। এই ‘ফিচারস’-এ নির্মাতারা আগে আপলোড করা রিলের সময়সীমা বাড়াতে পারবেন। এই ফিচারের মাধ্যমে ৯০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন ক্রিয়েটররা। অর্থাৎ শুধু রিলেই আর সীমাবদ্ধ থাকবে না ইনস্টাগ্রাম। আসলে নির্মাতাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। দীর্ঘ ভিডিও আপলোডে ফলোয়ার যেমন বাড়বে, তেমনই বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রোমোশনের সুযোগও বেশি হবে। তাতে বাড়বে আয়।
