CM Suvendu Adhikari: ‘গোহত্যা বরদাস্ত নয়’, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর! গো-সেবায় এক লক্ষ টাকা দেবে রাজ্য

CM Suvendu Adhikari  on  Cow Slaughter
CM Suvendu Adhikari on Cow Slaughter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গোহত্যা রুখতে এবার আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে গোহত্যা নিষিদ্ধ করতে নতুন আইন আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে গোরক্ষার পাশাপাশি গোসেবায় উৎসাহ দিতে নতুন প্রকল্প চালুর কথাও জানান তিনি। প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘গোকুল মিশন’। এই প্রকল্পের আওতায় গোসেবার জন্য এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে গোমাতার হত্যা বন্ধ করা সম্ভব হয়েছে। তবে গোপনে গোহত্যার মতো ঘটনা ঘটানোর চেষ্টা হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

মসোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তার পরেই তিনি বলেন, ‘‘রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন!’’ তিনি বার বার স্পষ্ট করে দিয়েছেন যে, এ রাজ্যে গোহত্যা চলবে না। ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন (ক্যাটল অ্যাক্ট) মেনেই কাজ করা হবে। তা হলে কি স্লটার হাউসে জবাই বন্ধ হবে? তার উত্তরে শুভেন্দু বলেন, ‘‘স্লটারহাউস এবং গোমাতার উপর হাত দেওয়া এক নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন!’’

শুভেন্দু জানান, আইন থাকার পরেও রাজ্যের কোথাও কোথাও লুকিয়ে গোহত্যা চলছে। কিন্তু সে সব চলবে না। এই নিয়ে কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণের কথাও মনে করান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এ সব করতে দেব না। লুকিয়ে করছে! ডিটেলস পাঠাবেন। বন্ধ করে দেব।’’

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার পশুহত্যা সংক্রান্ত আইন কার্যকর করে। ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন অনুযায়ী কয়েকটি নিয়ম বলবত করা হয়। নির্দেশ অনুযায়ী, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। ১৪ বছর বয়স হয়নি, এমন গবাদি পশুকে জবাই করা যাবে না। তা ছাড়াও মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন। সেই নিয়ে মামলা হয় হাই কোর্টে। তার পরেই গত ২১ মে কলকাতা হাই কোর্ট জানায়, পশুজবাই নিয়ে ১৩ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল থাকবে। অর্থাৎ জবাইয়ের উপযুক্ত বলে শংসাপত্র ছাড়া পশুজবাই করা যাবে না।

মুখ্যমন্ত্রী হাই কোর্টের সেই পর্যবেক্ষণই মনে করালেন। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলিকে এক লক্ষ টাকা করে বছরে দেওয়া হবে। গরুর লালনপালন, চিকিৎসার জন্য সেই টাকা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে পালাবদলের পরই ইদ হয়েছে। ক্যাটল অ্যাক্ট আমরা লাগু করেছি। লুকিয়ে কেউ গোহত্যা করলে ভুগতে হবে। খড়গপুরে গোমাতা পাচারের অভিযোগে ধৃতরা এখনও জেলে রয়েছে। হাওড়ার বাঁকরার কয়েকজন পাকড়াও হয়েছিল। বারুইপুরে প্রকাশ্যে দোকান ছিল। সব বন্ধ হয়েছে। লুকিয়ে করলে আমাদের হাতে আইন আছে। বেআইনি কাজ করলে সরকার ও পুলিশ পদক্ষেপ করবে।” 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…