Sujit Bose: পুরনিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! জেলে ফের সুজিত বসুকে জেরার প্রস্তুতি, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে

Sujit Bose
Sujit Bose

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পেতে পারেন তদন্তকারীরা। সেই সূত্রেই তদন্তকারীদের নজরে রয়েছেন জেলবন্দি প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। ইতিমধ্যেই জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। তবে তদন্তকারী সূত্রের দাবি, জেরায় আশানুরূপ সহযোগিতা করছেন না প্রাক্তন মন্ত্রী। তাই তাঁকে ফের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই দ্বিতীয় দফায় তাঁকে জেরা করা হতে পারে। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের দিকটিও খতিয়ে দেখছে সিবিআই। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই দু’টি ব্যাঙ্কের একাধিক আধিকারিককে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁদের কাছ থেকে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে চান তদন্তকারীরা। ওই লেনদেনের সঙ্গে দুর্নীতির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই ব্যাঙ্ক আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ফলে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্তের পরিধি আরও বাড়াতে চাইছে সিবিআই। 

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল, ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিস পান প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে হাই কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনে নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে ছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। ভোট মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সহযোগিতায় গত ১ মে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ সময় কাটিয়ে তিনি বেরোন। তারপর ফের ১১ মে তাঁকে তলব করা হয়। সেই দিনই গভীর রাতে গ্রেপ্তার করা হয় সুজিতকে। 

সেই থেকে তিনি জেলবন্দি। শুধু পুরনিয়োগ দুর্নীতি নয়, তদন্তের গভীরে গিয়ে কেঁচো খুঁড়তে কার্যত কেউটে বের করেন তদন্তকারীরা। একাধিক আর্থিক দুর্নীতি, ছেলের রেস্তরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগ ওঠে। তদন্তকারীদের দাবি, পুরসভায় চাকরি দেওয়ার নামে অন্তত ৩৪০ জনের থেকে কমবেশি ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন অভিযুক্ত সুজিত। তার মধ্যে ২৮৪ জন অবৈধ উপায়ে নিয়োগ পেয়েছিলেন। সুজিতের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। গোটা রাজ‍্যে মোট ২৫০ কোটির দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি। সেই সংক্রান্ত তথ্যের খোঁজে সুজিতকে আরও একবার জেলে গিয়ে জেরা করতে চান তদন্তকারীরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…