Emraan Hashmi Genelia Video: কথার মাঝেই জেনেলিয়ার কানে মুখ ইমরানের! অস্বস্তিকর ঘটনায় নেটপাড়ায় শোরগোল

Emraan Hashmi Genelia DSouza
Emraan Hashmi Genelia DSouza

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাশে বসে রয়েছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। কথোপকথনের মাঝেই আচমকা তাঁর কানের দুল খুলে নিলেন অভিনেতা ইমরান হাশমী। তবে হাত দিয়ে নয়, মুখ ব্যবহার করেই জেনেলিয়ার কান থেকে দুল খুলতে দেখা যায় তাঁকে। দুই তারকার এমন অপ্রত্যাশিত কাণ্ডের ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নেটমাধ্যমে চর্চা শুরু হয়েছে। আসন্ন ছবি ‘গানমাস্টার জি৯’-এর প্রচারে এখন ব্যস্ত দুই অভিনেতা। সেই ছবিরই একটি রোম্যান্টিক দৃশ্য নতুন করে দেখাতে গিয়েছিলেন প্রচারে গিয়ে। তার পরেই সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়লেন তাঁরা। বিশেষ করে জেনেলিয়ার স্বামী রীতেশ দেশমুখকে টেনে এনে কটাক্ষ করতে ছাড়ছেন না নেটাগরিকদের একাংশ। যদিও এই ঘটনায় দুই অভিনেতার সমর্থনেও মুখ খুলেছেন অনেকে। 

সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে এসেছিলেন ইমরান ও জেনেলিয়া। ছবির প্রচারের পাশাপাশি অনুষ্ঠানের বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা হয়। সেখানেই ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানের একটি রোম্যান্টিক মুহূর্ত নতুন করে ফুটিয়ে তোলেন দুই অভিনেতা। প্রচার ঝলকে দেখা যাচ্ছে, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। তাঁর দিকে এগিয়ে আসেন ইমরান। তার পর মুখ দিয়ে একটি কানের দুল বার করে আনেন। এমন দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ অবাক, কেউ আবার উচ্ছ্বসিত।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা মন্তব্য। এক নেটাগরিক লেখেন, “ভাবুন তো, কোনও মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তা হলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত!” আর এক জন লিখেছেন, “ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন! এ সব তো হবেই।” তবে ইমরান ও জেনেলিয়ার অনুরাগীদের মতে, দু’জন পেশাদার অভিনেতা নিজেদের কাজই করেছেন। এতে নিন্দার কিছু নেই। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে ‘গানমাস্টার জি৯’।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…