
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত জনপ্রিয় বাংলা ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। ছবির পাশাপাশি দর্শকদের মনে আজও বিশেষ জায়গা করে রয়েছে ‘চোখ তুলে দেখো না’ গানটি। মুক্তির ২৬ বছর পরেও গানটির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। কিন্তু এবার সেই গানের স্রষ্টা, বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও গীতিকার বাবুল বোসের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এল বিনোদন জগতে। মারণরোগ ক্যানসারের কাছে হার মানলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে বাংলা সঙ্গীতজগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। প্রিয় সঙ্গীত পরিচালকের মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর নায়ক তথা টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
বাংলার গণ্ডি পেরিয়ে আরব সাগরের পাড়েও একাধিক কালজয়ী গানের স্রষ্টা ছিলেন বাবুল বোস। তাঁর হাত ধরে বাংলায় উত্থান কুমার শানুও গভীরভাবে মর্মাহত। বাবুল বোসের সুরে একাধিক সুপারহিট গানে ঠোঁট মিলিয়েছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুরকারের প্রয়াণের খবরে সোশাল মিডিয়ায় তাঁর শোকবার্তা, ‘বাবুল বোস প্রয়াণের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একসঙ্গে কাজ করার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-সহ ওনার সুর করা অসংখ্য গান চিরকাল অমর হয়ে থাকবে। ওনার আত্মার শান্তি কামনা করি। পরিবার, পরিজন ও কাছের মানুষদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
শিকড় বাংলার হলেও, কণ্ঠের জাদুতে বিটাউনেও স্বতন্ত্র মহিমা ছিল বাবুলের। তাঁর সুরের মূর্চ্ছনায় মোহিত আপামর সঙ্গীতপ্রেমী। নয়ের দশকের একাধিক বাণিজ্যিক বাংলা ছবির গানে তাঁর অবদান অনস্বীকার্য। বাংলার পাশাপাশি হিন্দি সিনেমার জগতেও প্রতিভার সাক্ষর রেখে গেলেন বিশিষ্ট সুরকার, সঙ্গীত পরিচালক ও গীতিকার বাবুল বোস। বাঙালি গায়ক কুমার শানুর জীবনে ছিল বিরাট অবদান। স্মৃতিচারণা করে এক ভিডিওবার্তায় তিনি বলছেন, “ভীষণ স্যাড নিউজ যে বাবুল দা, মানে বাবুল বোস উনি আমাদের মধ্যে নেই। খবরটা শোনার পরে আমি প্রচণ্ডভাবে শোকাহত। কারণ বাংলার থেকে প্রথম একজন সংগীতশিল্পী যিনি মুম্বই গিয়েও নাম করেছিলেন। আগে হেমন্ত দা, মান্না দা ছিলেন, তারপর একটা বড় গ্যাপ হয়েছিল। সেই গ্যাপের পরে বাংলার একটা ছেলে বাবুল দা, যিনি মুম্বইয়ে হিন্দিতেও নাম করেছিলেন। আর বাংলাতে তো প্রথম আমার গান ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’, আমার শুরুয়াত ওঁর হাত ধরেই হয়েছিল। এটা আমাদের বাংলার জন্য এবং ভারতবর্ষের জন্য একটা বিরাট ক্ষতি। আমি ওঁর আত্মার শান্তি কামনা করছি।”
