Ramya Krishnan: বিনোদন দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার! কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রম্যা কৃষ্ণন

Renowned actor Ramya Krishnan
Renowned actor Ramya Krishnan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচের অস্তিত্ব নিয়ে অতীতেও একাধিক অভিনেতা-অভিনেত্রী মুখ খুলেছেন। এবার সেই বিতর্কে নতুন করে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী রম্যা কৃষ্ণন। তাঁর স্পষ্ট বক্তব্য, বিনোদন দুনিয়ায় ক্ষমতার অপব্যবহারের ঘটনা কোনওভাবেই অস্বীকার করা যায় না। আর সেই অপব্যবহারের অন্যতম উদাহরণ হল কাস্টিং কাউচ। অভিনেত্রীর মতে, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি শুধু মহিলারাই হন না, পুরুষদেরও এমন অভিজ্ঞতার শিকার হতে হয়। পাশাপাশি তিনি মনে করেন, কাস্টিং কাউচের সমস্যা কোনও নির্দিষ্ট দেশ বা একটি বিশেষ পেশার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং বিভিন্ন ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহারের এমন ঘটনা ঘটতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রম্যাকে চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানান, অতীতেও এমন ঘটনা ঘটেছে, এখনও ঘটে চলেছে। নিজের বক্তব্যের সমর্থনে এপস্টিন ফাইলের কথাও বলেন রম্যা। অভিনেত্রীর কথায়, “এপস্টিনের ঘটনাগুলির দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে মহিলারা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।” অভিনেত্রীর মতে, সময়ের সঙ্গে মানুষের শোষণের ধরন বদলাতে পারে। তবে ক্ষমতাশীল ব্যক্তির শোষণের মতো ঘটনা সমাজ থেকে সহজে মুছে যায় না। তাঁর কথায়, “কী ভাবে ঘটনাগুলি ঘটছে, কারও সম্মতি নেওয়া হচ্ছে কি না, সময়ের সঙ্গে সেই বিষয়গুলিই কেবল বদলায়।”


রম্যা আরও মনে করেন, কাস্টিং কাউচের সমস্যা শুধু চলচ্চিত্রজগতের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষ নানা ভাবে শোষণের শিকার হন। তাঁর কথায়, “জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এই ঘটনা ঘটে চলেছে। কেউই তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই এই বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা হয়। কিন্তু চলচ্চিত্রজগতের বাইরেও কত মহিলা এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনও ভেদাভেদ নেই।” ওই একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়েও মুখ খুলেছেন রম্যা। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তাঁর বিয়ে ভেঙে গিয়েছে বলে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। সেই জল্পনায় জল ঢেলে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদ হয়নি। তবে পেশাগত কারণেই দু’জনে আলাদা শহরে থাকেন। রম্যার কথায়, “আমাদের বিয়ে এখনও টিকে রয়েছে। তবে আমরা দু’জন নিজেদের সুবিধা মতো আলাদা শহরে বেশ সুখেই থাকি।” 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…