
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাসপূর্ণিমার আগে পুণ্যার্থীদের জন্য সুখবর। এবার শিলিগুড়ি থেকে সরাসরি বাসে পৌঁছে যাওয়া যাবে মায়াপুরের ইসকনে। রবিবার এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। সোমবার থেকেই যাত্রীদের জন্য চালু হচ্ছে এই পরিষেবা। ফলে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার পুণ্যার্থীদের মায়াপুর যাতায়াত আরও সহজ হবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বাসটি চালানো হবে। জানা গিয়েছে, সকাল ৬টায় বাসটি শিলিগুড়ি থেকে ছাড়বে। মায়াপুরে পৌঁছতে সময় লাগবে প্রায় ১২-১৩ ঘণ্টা। অর্থাৎ সন্ধে ৬টা কিংবা ৭টার মধ্যে মায়াপুর ইসকনে পৌঁছবে বাসটি। পরদিন সকাল ৬টায় ফের বাসটি মায়াপুর ইসকন থেকে ছাড়বে। শিলিগুড়িতে বাসটি পৌঁছবে সন্ধ্যায়। শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকনগামী এই বাসটির আসন সংখ্যা ৫২। ভাড়া ৩৭৮ টাকা। একদিন অন্তর বাসটি চলবে। পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, “এর আগে সরাসরি কোনও বাস পরিষেবা ছিল না। নবদ্বীপ বা কৃষ্ণনগর হয়ে যেতে হত। শিলিগুড়ি থেকে মায়াপুরের বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ পর্যটক থেকে ধর্মপ্রাণ বৈষ্ণব সকলের জন্য এই বাস চলা খুবই খুশির খবর। সোমবার শিলিগুড়ি থেকে বাসগুলি মায়াপুর ইসকন পর্যন্ত যাবে।”
বলে রাখা ভালো, রাসপূর্ণিমা উপলক্ষে সেজে উঠেছে নবদ্বীপ, কৃষ্ণনগর ও মায়াপুর। রবিবার সকালে রাসের উদ্বোধনে নবদ্বীপে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে যান তিনি। পুজো দেন। নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতা পুজোরও উদ্বোধন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নবদ্বীপের পরিকাঠামো উন্নয়ন, ঘাট নির্মাণ, লঞ্চ সার্ভিস চালু এবং ধর্মীয় ও গবেষণামূলক খাতে বরাদ্দ ঘোষণা করেন। পুণ্যভূমিতে দাঁড়িয়ে প্রাচীন শহরের সার্বিক উন্নয়নের কথা বলেন মুখ্যমন্ত্রী। রাসের উদ্বোধনে নবদ্বীপে অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজে ২ কোটি, গোশালার জন্য ১ কোটি টাকা বরাদ্দ করেন। সঙ্গে পরিকাঠামো উন্নয়ন, ঘাট নির্মাণ, লঞ্চ সার্ভিস চালুর কথা জানান তিনি। পাশাপাশি জানিয়েছেন, ঘাট সংস্কারের পর লঞ্চ পরিষেবা চালু হলে তিনি উদ্বোধন করতে আসবেন।
