Travel

1 hour ago

International Tour: পুজোর ছুটিতে বিদেশ ভ্রমণের হাতছানি, বালির টানে বিশেষ প্যাকেজ IRCTC-র

IRCTC launches a Bali holiday package
IRCTC launches a Bali holiday package

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শরতের নীল আকাশে ভেসে বেড়াবে পেঁজা তুলোর মতো সাদা মেঘ। ভোরের বাতাসে ভেসে আসবে ‘আশ্বিনের শারদপ্রাতে’ সুর, আর তার সঙ্গেই জানান দেবে দেবীপক্ষের আগমন। উৎসবের এই বাঁধনহারা দিনগুলিতে একঘেয়ে রুটিন থেকে কয়েক দিনের মুক্তি চান অনেকেই। পুজোর আনন্দের ফাঁকে কেউ পাড়ি দিতে চান নীল সমুদ্রের কাছে, আবার কারও পছন্দ সবুজে মোড়া পাহাড়। এই শারদীয় ছুটিকে আরও স্মরণীয় করে তুলতে এবার বিশেষ সুযোগ নিয়ে হাজির ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। পুজোর ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন এশিয়ার অন্যতম সুন্দর দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার বালি থেকে।

∆ আইআরসিটিসি-র বিশেষ প্যাকেজ— বাঙালির পুজো পরিক্রমায় এ বার বাড়তি মাত্রা যোগ করতে চলেছে আইআরসিটিসি-র বিশেষ আন্তর্জাতিক সফর প্যাকেজ ‘ব্লিসফুল বালি – ফেস্টিভ স্পেশ্যাল’। শহর কলকাতার ব্যস্ততা কাটিয়ে সরাসরি ইন্দোনেশিয়ার নৈসর্গিক দ্বীপে পাড়ি দেওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অনেকেই। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ সফর। পাঁচ রাত ও ছয় দিনের এই আনন্দযাত্রায় কলকাতা বিমানবন্দর থেকে শুরু হবে উড়ান। যাত্রীদের নিয়ে যাওয়া হবে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে।


∆ কী কী দেখবেন?

আইআরসিটিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মূল আকর্ষণ হল এর নিরবচ্ছিন্ন ও নির্ঝঞ্ঝাট পরিষেবা। বিমান ভাড়া, থাকার জন্য তিন তারা হোটেল, তিন বেলার খাবার এবং ট্রান্সপোর্ট পরিষেবা— সবই থাকবে সংস্থাটির তত্ত্বাবধানে। এ ছাড়া থাকছে সফরবীমার সুবিধাও। পর্যটকেরা দেখতে পাবেন নূসা পেনিসা আইল্যান্ড, কিন্তামণি, উবুদ, উলুনদানু বেদুগুল, বিখ্যাত তানাহ লোৎ মন্দির, লেম্পুয়াং এবং তির্তা গঙ্গা ওয়াটার প্যালেসের মতো কালজয়ী সব পর্যটনক্ষেত্র।

∆ খরচ কত?

ভ্রমণের খরচ অত্যন্ত সাশ্রয়ী। জনপ্রতি সর্বনিম্ন খরচ শুরু হচ্ছে ৬১,৫০০ টাকা থেকে। সিঙ্গল শেয়ারিংয়ের ক্ষেত্রে খরচ পড়বে ৭৯,০০০ টাকা। ডাবল ও ট্রিপল শেয়ারিংয়ের জন্য জনপ্রতি খরচ হবে যথাক্রমে ৭১,৫০০ এবং ৭১,০০০ টাকা। শিশুদের জন্য বেড সহ খরচ ১৯৬৫০০ টাকা এবং বেড ছাড়া ৬১,৫০০ টাকা। তবে বালি পর্যটন কর (প্রায় ৭৮০ টাকা) এবং ভিসা ফি (প্রায় ২৫৯৯ টাকা) পৃথক ভাবে দিতে হবে। এই বিশেষ পুজো প্যাকেজে আসনসংখ্যা মাত্র ২০। তাই সুযোগ হাতছাড়া না করে দ্রুত টিকিট বুকিং সারাই বিজ্ঞের কাজ হবে।


You might also like!