Wings of Love 2027: এক মঞ্চে দুই কিংবদন্তি! উদিত-শানুর গানে মাতবে কলকাতা, কবে কোথায় অনুষ্ঠান?

Kolkata ft. Kumar Sanu and Udit Narayan
Kolkata ft. Kumar Sanu and Udit Narayan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নব্বইয়ের দশকে বলিউডের সংগীতজগতে কার্যত রাজত্ব করেছেন কুমার শানু। ঋষি কপূর থেকে শাহরুখ খান, সলমন খান—একাধিক প্রজন্মের জনপ্রিয় নায়কের পর্দার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অন্যদিকে, আশির দশক থেকে শুরু করে আজও নিজের সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন উদিত নারায়ণ। দুই কিংবদন্তি শিল্পীর ঝুলিতেই রয়েছে অসংখ্য কালজয়ী গান। এবার একই মঞ্চে একসঙ্গে দেখা যাবে সংগীতজগতের এই দুই মহাতারকাকে। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতা। দুই শিল্পীর যুগল উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। 

ভালবাসার দিনে শহর কলকাতাকে সুরের জোয়ারে ভাসাতে আসছেন দুই তারকাশিল্পী। আগামী ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসে ইকো পার্কে আয়োজিত হতে চলেছে ‘উইংস অফ লভ’-এর চতুর্থ সিজ়ন। মঞ্চে থাকবেন শানু ও উদিত। শানুর গানে সিম্ফনির বিশেষ পরিবেশনা থাকবে। দীর্ঘ কয়েক দশক পর একই মঞ্চে দুই শিল্পীর যুগলবন্দি দর্শকের কাছে বাড়তি আকর্ষণ হতে চলেছে। আয়োজকদের দাবি, ভারতের মাটিতে এই প্রথম কোনও লাইভ কনসার্টে নিজের গানের ‘সিম্ফনি’ পরিবেশন করবেন শানু। আয়োজক সংস্থার অন্যতম কর্তা মণীশঙ্কর দাস জানান, সম্প্রতি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ‘সিম্ফনি’ পরিবেশন করার পরে সেই বিশেষ আয়োজন নিয়ে দেশের মঞ্চে হাজির হতে চলেছেন শিল্পী। সাধারণত তাঁর অনুষ্ঠানে প্রায় ন’জন যন্ত্রশিল্পী থাকেন। কিন্তু এ বারের ‘সিম্ফনি’ পরিবেশনায় থাকবেন ২৬ থেকে ২৭ জন যন্ত্রশিল্পী। মুম্বই থেকেও আসবেন একাধিক পরিচিত শিল্পী। এই বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতির জন্য আলাদা স্টুডিয়ো ভাড়া করে টানা তিন দিন মহড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে শানু ও তাঁর দলের।

অন্য দিকে, আপাতত উদিত বিদেশে অনুষ্ঠানে ব্যস্ত। ১৪ ফেব্রুয়ারির অনুষ্ঠানের এক দিন আগে কলকাতায় পৌঁছোবেন তিনি। মূলত দুই শিল্পী নিজেদের নির্ধারিত সময়ে নিজেদের দল নিয়ে মঞ্চ কাঁপাবেন। তবে খবর, এই বিশেষ অনুষ্ঠানে কয়েকটি গান তাঁরা একসঙ্গে গেয়ে শোনাবেন শ্রোতাদের। মণীশঙ্কর জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার বড় কনসার্টের জন্য তৈরি হচ্ছে ইকো পার্ক প্রাঙ্গণ। অনুমোদনের সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সমাজমাধ্যমে অনুষ্ঠানের স্থান ঘোষণা করা হয়েছে এবং টিকিট বুকিংও শুরু হয়েছে।

টিকিটের দামেও থাকছে একাধিক বিভাগ। একক দর্শকের জন্য টিকিটের মূল্য ৭৯৯ টাকা থেকে শুরু করে ১০,৫০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। পাশাপাশি, প্রেমদিবসের বিশেষ আবহে মঞ্চের সামনের দিকে যুগলদের জন্য থাকছে ‘ক্যান্ডেললাইট ডিনার’ ও বিশেষ পরিষেবার সুযোগ। আগে টিকিট কাটলে পাওয়া যাবে বিশেষ ছাড়। সে ক্ষেত্রে টিকিটের দাম ধার্য হয়েছে ২১,০০০ টাকা। আয়োজকদের আশা, সে দিন প্রায় ১৮ থেকে ২০ হাজার দর্শকের সমাগম হবে। উল্লেখ্য, ‘উইংস অফ লভ’-এর প্রথম সিজ়নে শহরে অনুষ্ঠান করেছিলেন জিৎ গঙ্গোপাধ্যায় ও ‘ইউফোরিয়া’। দ্বিতীয় সিজ়নে ছিলেন অঙ্কিত তিওয়ারী ও ‘ফসিলস্’। তৃতীয় সিজ়নে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করেন শানু ও শান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…