TMC Symbol Row | তৃণমূলের প্রতীক নিয়ে বড় লড়াই! আজ নির্বাচন কমিশনে সম্মুখসমরে ঋতব্রত-মমতা

TMC Symbol Row
TMC Symbol Row

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : জোড়াফুল প্রতীকের মালিক কে? আসল তৃণমূল কংগ্রেসই বা কোন শিবির? দলের নাম ও নির্বাচনী প্রতীকের অধিকার নিয়ে এবার সরাসরি মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই গোষ্ঠী। শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে এই বহুচর্চিত রাজনৈতিক বিবাদ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। ফলে আজকের শুনানির দিকে নজর রয়েছে বাংলার রাজনৈতিক মহলের। প্রায় তিন দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক শেষ পর্যন্ত কার দখলে থাকবে, তা নির্ধারণের পথে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 নির্বাচন কমিশন দুই শিবিরকেই নিজেদের দাবি এবং সমর্থনের স্বপক্ষে জমা দেওয়া নথি নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে বিকেল ৩টের সময় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল শিবিরকে বিকেল ৪টের সময় ডাকা হয়েছে। দুই পক্ষের নেতৃত্ব অথবা তাঁদের আইনজীবীরা শুনানিতে অংশ নিতে পারবেন। মমতা শিবিরের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত শিবিরের তরফে বিধায়ক আখরুজ্জামান শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে বিবাদের নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে দুই পক্ষকে নিজেদের সাংগঠনিক শক্তি, জনপ্রতিনিধিদের সমর্থন এবং দলীয় কাঠামোর বৈধতা প্রমাণ করতে হলফনামা ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে ঋতব্রত শিবিরকে অতিরিক্ত সময় দেয় শীর্ষ আদালত। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবার মৌখিক শুনানির পর্যায়ে পৌঁছেছে বিবাদ।

দুই পক্ষই নিজেদের দাবির স্বপক্ষে বিপুল পরিমাণ নথি জমা দিয়েছে। ঋতব্রত শিবিরের দাবি, দলের সাংগঠনিক ও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন তাঁদের পক্ষে রয়েছে। অন্যদিকে মমতা শিবিরের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং দলের মূল সাংগঠনিক কাঠামোর বৈধ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। দলের টিকিট ও প্রতীকে নির্বাচিত হয়ে অন্য শিবিরে যোগ দিলেই দলের মালিকানা দাবি করা যায় না বলেও পালটা যুক্তি দিয়েছে এই পক্ষ।

ইতিমধ্যেই অন্তর্বর্তী সিদ্ধান্তে দুই গোষ্ঠীর কাছ থেকেই মূল তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক ব্যবহারের অধিকার স্থগিত রেখেছে কমিশন। মমতা শিবিরকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক দেওয়া হয়েছে। অন্যদিকে ঋতব্রত শিবিরের পরিচয় ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, তাদের প্রতীক খাম।

এদিকে তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদকে ঘিরে সুপ্রিম কোর্টের মামলার শুনানি সময়ের অভাবে হয়নি। ফলে তাঁদের সাংসদ পদ সংক্রান্ত বিষয়টিও আপাতত লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের উপর নির্ভর করছে।সব মিলিয়ে শুক্রবারের শুনানি শুধু একটি নির্বাচনী প্রতীকের লড়াই নয়, বরং বাংলার রাজনীতিতে তৃণমূলের ভবিষ্যৎ পরিচয় নির্ধারণেরও গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন দেখার, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে শেষ পর্যন্ত জোড়াফুল কার হাতে থাকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…