
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ফের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া রেলস্টেশনে। আগুনের তীব্রতায় সম্পূর্ণ পুড়ে যায় ট্রেনের ভেন্ডার কামরা। তবে সৌভাগ্যবশত, ঘটনার বেশ কিছুক্ষণ আগেই যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ায় কোনও প্রাণহানি বা হতাহতের খবর মেলেনি। এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে রেলের নিরাপত্তা ব্যবস্থা। কীভাবে ট্রেনের কামরায় আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, বর্ধমান-কাটোয়াগামী লোকাল ট্রেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান থেকে ছেড়ে আসে। ঘড়ির কাঁটায় প্রায় দশটা নাগাদ কাটোয়া স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। যাত্রীরা নেমে চলে যান। কিছুক্ষণ পর ওই ফাঁকা দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেন্ডার কম্পার্টমেন্টে আগুন দেখতে পান কয়েকজন। সঙ্গে সঙ্গে জিআরপি এবং আরপিএফ কর্মীদের বিষয়টা জানানো হয়। তড়িঘড়ি আগুন নেভাতে আসরে নামে রেল পুলিশ।
দমকল ও রেলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে আগুনের গ্রাসে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ভেন্ডার কম্পার্টমেন্টটি। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও কাটোয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। এর মধ্যেই ফের একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ যাত্রীদের মধ্যে। বিশেষ করে রাতের দিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে বারবার আগুন লাগার ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সর্বশেষ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
