
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বর্গা আইনকে ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। অনুপ্রবেশের জন্য বর্গা আইনকে দায়ী করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কটাক্ষ, বিজেপি আসলে জমিদারদের দল। বর্গা আইন নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, যে আইন ভূমিহীন কৃষকদের জমির অধিকার ও সুরক্ষা দিয়েছে, তাকে অনুপ্রবেশের সঙ্গে জুড়ে দেওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ইস্যুকে কেন্দ্র করে ফের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাত তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
বুধবার কোচবিহারে রাসের উদ্বোধনের পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই তিনি অভিযোগ করেন, রাজবংশী সমাজের মানুষদের অধিকাংশ জমিই অতীতে বেহাত হয়ে গিয়েছে এবং এর জন্য মূলত সিপিএম দায়ী। মুখ্যমন্ত্রীর দাবি, বর্গা আইনে ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে প্রচুর জমি তুলে দেওয়ার কাজ করেছিল সিপিএম। এহেন মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম।
নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রী অসথ্য কথা বলছেন। আসলে বিজেপির দরদ রাজাদের প্রতি। গরীবদের প্রতি নয়। রাজাদের মতন করে ভাবা। তাই এখন হিন্দু, মুসলমান ও অনুপ্রবেশকারী খুঁজতে বেড়েয়েছে। মুখ্যমন্ত্রী জানেন না, দেশের আইন অনুযায়ী জমি ভূস্বামীদের থাকার কথা নয়। বাম নেতৃত্বের দাবি, জমির অধিকার, প্রজা, কৃষক ও গরীব মানুষের। আর মুখ্যমন্ত্রী বোধ হয় জানেন না, স্বাধীনতার পর বাংলা খাদ্যে সয়ম্ভর ছিল না। ভূমি সংস্কারের পর রাজ্য খাদ্যে সয়ম্ভর হয়। যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
