
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : সমাবর্তনের পোশাক থেকে ঔপনিবেশিক আমলের ছাপ মুছে ফেলে দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আগেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। নির্দেশিকায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রচলিত ঔপনিবেশিক পোশাক বিধি বদলে দেশীয় পোশাক চালুর কথা বলা হয়েছে। ইতিমধ্যেই সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। এবার থেকে সমাবর্তনের মঞ্চে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সমাবর্তনের মঞ্চে প্রচলিত কালো গাউন, হুড এবং টুপির পরিবর্তে এবার থেকে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ছাত্রছাত্রী ও অতিথিদের জন্য উত্তরীয়, শাড়ি, ধুতি বা পাঞ্জাবির মতো পোশাকে দেশীয় হ্যান্ডলুম ও খাদি কাপড় ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছে দপ্তর। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ববর্তী নির্দেশিকার প্রসঙ্গ টেনে জানানো হয়েছে, ভারতীয় আবহাওয়ার উপযোগী এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক চালু করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে অধিভুক্ত কলেজগুলিতেও এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে। এই নির্দেশিকার পরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পোশাক বদল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি ও আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই জলপাইগুড়ির একটি অনুষ্ঠানে সমাবর্তনের পোশাকবিধি পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, দীর্ঘদিন ধরে চলে আসা ইউরোপীয় পোশাকের পরিবর্তে সমাবর্তনে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহার করা উচিত। মন্ত্রী আরও জানান, ২০১৫ সাল থেকেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে একাধিকবার এই বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। সমাবর্তনে ইউরোপীয় রীতির পোশাকের বদলে ভারতীয় পোশাক এবং হস্তশিল্পের বস্ত্র ব্যবহারের উপরেই জোর দিয়েছে ইউজিসি।
