
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় একটি নার্সিংহোমের পাশে রাস্তার ওপর মৃত ভ্রূণ পড়ে থাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে রাস্তায় ওই মৃত ভ্রূণটি মুখে নিয়ে পথকুকুরদের টানাটানি করতে দেখে চিৎকার জুড়ে দেন স্থানীয় বাসিন্দারা। এই মর্মান্তিক ও অমানবিক ঘটনার পর সংশ্লিষ্ট নার্সিংহোমের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা নার্সিংহোম সংলগ্ন রাস্তায় কয়েকটি পথকুকুরকে কোনো একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। কৌতূহলবশত কাছে গিয়ে তাঁরা দেখতে পান, কুকুরগুলি একটি মৃত মানবভ্রূণ নিয়ে টানাটানি করছে। এই দৃশ্য দেখে মুহূর্তেই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় এবং তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জন্য নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে সরব হন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং মৃত ভ্রূণটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে।জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট নার্সিংহোমের কয়েকজন কর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃত ভ্রূণটি কীভাবে রাস্তায় এল এবং এর নেপথ্যে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্যে নাবালিকা গর্ভধারণের ঘটনা রুখতে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির মাঝেই এই ঘটনা সামনে আসায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তবে উদ্ধার হওয়া মৃত ভ্রূণটির সঙ্গে এমন কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি তদন্তাধীন এবং এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।ঘটনার খবর পৌঁছেছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) সৌম্যশঙ্কর ষড়ঙ্গীর কাছেও।
তিনি জানান, মৃত ভ্রূণ উদ্ধারের খবর তাঁর কাছে এসেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলের কাছে যে প্রতিষ্ঠানটিতে নার্সিংহোমের বোর্ড লাগানো রয়েছে, সেটির কোনো বৈধ অনুমোদন নেই। বৈধ অনুমতি ছাড়া সেখানে কীভাবে নার্সিংহোমের বোর্ড টাঙানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান যে পুলিশ বিষয়টির তদন্ত করবে।মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির মালিকের চন্দ্রকোনায় আরও একটি নার্সিংহোম ছিল, যেখানে অতীতে এক নাবালিকা প্রসূতির মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনার পর ওই নার্সিংহোমটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান ঘটনায় ভ্রূণ উদ্ধারের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। যদিও এই গোটা ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
