Annapurna Yojana | অন্নপূর্ণার সুবিধা পাননি? চলতি মাসেই জমা দিতে হবে আবেদনপত্র, ফর্ম পাঠাচ্ছেন বিধায়ক!

Annapurna Yojana
Annapurna Yojana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও মিলছে না আর্থিক সাহায্য! পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস, বিভিন্ন সরকারি দপ্তরে জমে রয়েছে মহিলাদের জমা দেওয়া অসংখ্য আবেদনপত্র। অভিযোগ, অফলাইনে জমা পড়া সেই ফর্মগুলি অনলাইনে আপলোড না হওয়ায় সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মহিলা। অন্যদিকে, নতুন করে আবেদনের পোর্টালও বন্ধ থাকায় তৈরি হয়েছে আরও জটিলতা। এই পরিস্থিতিতে আবেদনকারীদের পাশে দাঁড়িয়ে জমে থাকা ফর্মগুলি সংগ্রহ করে কলকাতায় পাঠানোর উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর ঘোষণা, চলতি নভেম্বর মাসের মধ্যেই সংশ্লিষ্ট এলাকার বঞ্চিত মহিলাদের আবেদনপত্র জমা দিতে হবে। সেই সঙ্গে ফর্ম জমা দেওয়ার নির্দিষ্ট দিন, সময় ও স্থানও জানিয়ে দিয়েছেন বিধায়ক।

দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয় থেকে তিনি জানান, বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ফর্ম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও বিডিও অফিসে অফলাইনে জমা দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে সেই ফর্মগুলি অনলাইনে আপলোড করা হয়নি। ফলে আবেদন করা সত্ত্বেও তাঁরা প্রকল্পের টাকা পাচ্ছেন না। কারও ফর্ম পড়ে রয়েছে সরকারি দপ্তরে, আবার কারও ফর্ম রয়ে গিয়েছে বাড়িতেই।

বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, এবার বঞ্চিত আবেদনকারীদের জমে থাকা ফর্মগুলি সংগ্রহ করে কলকাতার সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে বুধবার থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মোট ছয় দিন আবেদনপত্র জমা নেওয়া হবে। পাণ্ডবেশ্বরের হরিপুর বিধায়ক সেবা কেন্দ্র এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি সেবা কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন আবেদনকারীরা। যাঁরা আগে অফলাইনে আবেদন করেছিলেন, কিন্তু তাঁদের ফর্ম এখনও অনলাইনে আপলোড হয়নি, তাঁরা পুরনো আবেদনপত্রের কপি সঙ্গে নিয়ে এই দুই কেন্দ্রে জমা দিতে পারবেন। তবে যাঁরা ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন, তাঁদের নতুন করে ফর্ম জমা দেওয়ার কোনও প্রয়োজন নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন বিধায়ক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…