Enforcement Branch | সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, বাজারে নজরদারিতে নামল ইবি

Essential Commodity Prices
Essential Commodity Prices

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও কালোবাজারি ঠেকাতে মঙ্গলবারই কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশের পরই বুধবার সকাল থেকে তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এদিন সকালে কোলে মার্কেট ও লেক মার্কেটে অভিযান চালান ইবি আধিকারিকরা। চিনি, ভোজ্যতেল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করার পাশাপাশি সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। বাজারে পণ্যের প্রকৃত দাম এবং বিক্রির পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন আধিকারিকরা।

সবজি-আনাজপাতি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। সব থেকে বেশি বেড়েছে চিনি ও সরষের তেলের দাম। এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ী মহলকে নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ-প্রশাসনকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। তারপরই এদিন শহরের বাজারগুলি ঘুরে দেখলেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

বাজারে সব থেকে বেশি বেড়েছে চিনি ও সরষের তেলের দাম। গত এক সপ্তাহে কীভাবে লাফিয়ে সরষের তেলের দাম ১৭০ টাকা থেকে বেড়ে ২২০ টাকার বেশি হয়ে গেল, তা ব্যবসায়ীদের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। একই অবস্থা চিনির ক্ষেত্রেও হয়েছে। পুজোর সময় যে চিনির দাম ৫৫ টাকায় বাঁধা হয়েছিল, তাও ফের ৬৮-৭০ টাকায় বিকোচ্ছে খুচরো বাজারে। দাম কমার পর কী কারণে ফের তা বাড়ল মুখ্যমন্ত্রী ব্যবসায়ী সংগঠনগুলির কাছে জানতে চান। পাশাপাশি পরিষ্কার জানিয়ে দেন, তিনদিনের মধ্যে দাম না কমলে রাজ্য সরকার কড়া অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরই আজ অ্যাকশনে নামলেন আধিকারিকরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…