গুগল ইন্ডিয়ায় ফের চাকরি সংকট? ক্লাউড বিভাগে ৩০ কর্মী ছাঁটাই, দাবি ঘিরে জল্পনা

Google India layoffs
Google India layoffs

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : গুগল ইন্ডিয়ায় ব্যাপক কর্মী ছাঁটাইয়ের খবর ঘিরে গত কয়েক দিন ধরে প্রযুক্তি মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। সংস্থার ক্লাউড বিভাগের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হতে পারে, এমনকী কয়েকজন কর্মীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি উঠেছিল। তবে সেই জল্পনায় এবার সরাসরি জল ঢালল গুগল। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের খবরকে সম্পূর্ণ ভুল বলে দাবি করে সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে গুগল ক্লাউডের একটি ছোট সাংগঠনিক পুনর্বিন্যাস করা হয়েছে। তার জেরে প্রায় ৩০টি পদ বিলুপ্ত করা হয়েছে। কাজের অগ্রাধিকার ও ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। অর্থাৎ গণছাঁটাইয়ের খবর অস্বীকার করলেও কর্মীসংখ্যা কমানোর বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছে গুগল।

গত ২৩ নভেম্বর গুগল ক্লাউড ইন্ডিয়ার সরকারি এক্স হ্যান্ডল থেকে এই বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া হয়। সেখানে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ছাঁটাই সংক্রান্ত যে সমস্ত খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। গত সপ্তাহে ভারতে গুগল ক্লাউডের অভ্যন্তরীণ কাঠামোয় সামান্য পরিবর্তন করা হয়েছে এবং কাজের অগ্রাধিকার পুনর্নির্ধারণের অংশ হিসেবে প্রায় ৩০টি পদ তুলে দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কোন বিভাগ বা দলের কর্মীরা এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থা। 

মূলত কর্মীদের একটি বেনামি পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Blind-এ করা পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত। সেখানে বেঙ্গালুরুতে কর্মরত বলে দাবি করা এক ব্যক্তি অভিযোগ করেন, গুগলের ক্লাউড বিভাগের বিভিন্ন ভারতীয় দলে আচমকাই কর্মী ছাঁটাই শুরু হয়েছে। তাঁর দাবি ছিল, এই সিদ্ধান্তের সঙ্গে কর্মীদের ব্যক্তিগত কাজের মূল্যায়নের কোনও সম্পর্ক নেই। এমনকী কয়েকজন কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে, অন্যথায় তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে বলেও অভিযোগ ওঠে। পোস্টে আরও দাবি করা হয়, সংশ্লিষ্ট কর্মীদের মাত্র এক মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছিল।

এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বিশেষ করে এক্সে একাধিক প্রযুক্তি কর্মী ও ব্যবহারকারী গুগল ইন্ডিয়ার কর্মী ছাঁটাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ দাবি করেন, সংস্থার ক্লাউড বিভাগের প্রায় অর্ধেক কর্মী এই সিদ্ধান্তের প্রভাবের মুখে পড়েছেন। তবে এই সমস্ত অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। গুগলের পক্ষ থেকেও ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের নির্দেশ কিংবা ক্ষতিপূরণের বিষয়ে আলাদা করে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। 

এদিকে গুগলের এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এল, যখন বিশ্বজুড়েই প্রযুক্তি সংস্থাগুলি নিজেদের কর্মী কাঠামোয় পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর প্রযুক্তির দ্রুত প্রসার, খরচ নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক অগ্রাধিকার বদলের কারণে একাধিক সংস্থা কর্মী নিয়োগ ও কর্মীসংখ্যা পুনর্বিবেচনা করছে। গুগলও ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল। পরবর্তী সময়েও বিভিন্ন বিভাগে ছোট ছোট পরিসরে কর্মীসংখ্যা কমানো হয়েছে।

তবে ভারতে একদিকে কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত, অন্যদিকে বিপুল বিনিয়োগের পরিকল্পনা—এই দুই বিপরীত চিত্রও নজর কাড়ছে। ২০২৫ সালে গুগল আগামী পাঁচ বছরে ভারতে ১৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো ও ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে ক্লাউড ও AI পরিষেবার চাহিদা বাড়ছে। 

ফলে গুগলের সাম্প্রতিক কর্মী পুনর্বিন্যাস প্রযুক্তি শিল্পে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে AI ও ক্লাউড পরিষেবায় বিনিয়োগ বাড়াচ্ছে সংস্থা, অন্যদিকে কাজের ধরন বদলের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মী কাঠামোও ঢেলে সাজাচ্ছে। আগামী দিনে এই পরিবর্তন ভারতের প্রযুক্তি কর্মসংস্থানের বাজারে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…