
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : শবরীমালা মন্দিরে দর্শনের ভার্চুয়াল কিউ বুকিং ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আনল ত্রিভাঙ্কুর দেবস্বম বোর্ড (টিডিবি)। বুকিংয়ের ক্ষেত্রে কারচুপি ও টিকিটের কালোবাজারি ঠেকাতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ভক্তের বুক করা দর্শনের স্লট বাতিল হলে সেটি সঙ্গে সঙ্গে অন্য কারও জন্য উপলব্ধ হবে না। বাতিল হওয়া স্লট পুনরায় বুকিংয়ের জন্য চালু করতে অপেক্ষা করতে হবে আট ঘণ্টা। মঙ্গলবার রাত থেকেই এই নতুন বিধি কার্যকর হয়েছে। সাংবাদিক বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বোর্ডের সভাপতি কে জয়কুমার।
বোর্ডের সভাপতি বলেন, মণ্ডল-মকরবিলক্কু তীর্থযাত্রার প্রথম সপ্তাহ অত্যন্ত সন্তোষজনক ছিল। একইসঙ্গে প্রচুর স্লট বুক করে বাতিল করা ও পরিকল্পিতভাবে অন্যদের পাইয়ে দেওয়ার চক্র রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে। ভার্চুয়াল কিউ বুকিং নিয়ে অভিযোগ উঠেছিল, কিছু এজেন্সি একসঙ্গে প্রচুর স্লট বুক করে আটকে রাখছে। পরে আসল তীর্থযাত্রী পেলে সেই স্লট বাতিল করে আবার তাঁদের নামে বুক করছে। আর যাত্রী না পেলে স্লট ফাঁকাই থেকে যাচ্ছে। ফলে আসল ভক্তরা বুকিং পাচ্ছেন না, আবার মন্দিরেও ভিড় কমছে। এই কারচুপি রুখতেই ৮ ঘণ্টার ব্যবধান আনা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
বোর্ডের সভাপতি ভক্তদের আশ্বাস দিয়ে জানান, এখন থেকে আয়াপ্পা দর্শনে আসা কোনও ভক্তকে আর ফেরানো হবে না। তবে ভক্তদের ভার্চুয়াল বা স্পট বুকিং, কোনও একটি মাধ্যমে বুকিং থাকতেই হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভার্চুয়াল বুকিংয়ের পাশাপাশি স্পট বুকিংয়ের স্লট ইতিমধ্যেই ৫ হাজার বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরও ৫ হাজার বাড়ানো হবে। তবে কোনওভাবেই কারচুপিকে প্রস্রয় দেওয়া হবে না। ভুয়ো বুকিংয়ের ঘটনায় তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
