CM Suvendu Adhikari | সনাতনী ঐক্যে জোর শুভেন্দুর, ভাষা-জাতপাতের বিভাজন নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu
Suvendu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ভাষা, জাতপাত কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমাজকে বিভক্ত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে দেব দীপাবলি উৎসবে যোগ দিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ ভাষা, জাতপাত ও রাজনীতিকে হাতিয়ার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করবে। কিন্তু সেই প্ররোচনায় পা না দিয়ে সকলকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, “কিছু মানুষ ভাষার নামে, জাতপাতের নামে, রাজনীতির নামে নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য ভাঙার চেষ্টা করবে। আপনারা ভাঙবেন না। মিলেমিশে থাকুন।”

ধর্মীয় মঞ্চ থেকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এদিন একাত্মতার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এখানে কেউ মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা বিধায়ক নই। সবাই ভক্ত, সবাই সনাতনী, সবাই হিন্দুস্তানের বাসিন্দা। আমরা ভারত মাতার চরণে, ভারত মাতার আশ্রয়ে আছি।” বাংলার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গ দেশের সাংস্কৃতিক রাজধানী, ভক্তির রাজধানী।” এই ঐতিহ্য অটুট রেখে বাংলাকে আরও সুন্দর করে গড়ে তোলার প্রার্থনাও করেন তিনি।কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে গত বছর শুভেন্দু এসেছিলেন বিরোধী দলনেতা হিসেবে। সে বার স্থানীয় মহিলাদের মানত ছিল, শুভেন্দু যেন মুখ্যমন্ত্রী হন। সেই প্রার্থনা পূর্ণ হওয়ায় এ বার মুখ্যমন্ত্রী হিসেবে ঘাটে এলেন তিনি। গত বছরের সেই মানতের কথা তাঁকে জানিয়েছিলেন মন্ত্রী অর্জুন সিং। মনস্কামনা পূর্ণ হলে ফের আসার অনুরোধও ছিল এলাকাবাসীর। সেই প্রতিশ্রুতি রেখেই এ দিনের অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। কাশীর আদলে গঙ্গার ঘাটে দেব দীপাবলি আয়োজনের প্রশংসা করেন তিনি। জলের উপর বিশেষ মঞ্চে আরতি, বেনারসের পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, গঙ্গাবক্ষে লেজার শো ও আতশবাজিতে সাজানো ছিল অনুষ্ঠান। এ দিন আগামী ২৯ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ১৬ থেকে ২৪ জানুয়ারি ব্রিগেডে আচার্য রামভদ্রাচার্যজির রামকথা ও ১০০৮ কুণ্ডের যজ্ঞেও উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…