
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বাগেশ্বর ধামের ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবুকে ‘ধূর্ত’, ‘পাখণ্ডী’ ও ‘পাগল’ বলে তীব্র আক্রমণ করার পর এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন যোগগুরু বাবা রামদেব। আক্রমণাত্মক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই সুর কিছুটা নরম করে রামদেবের দাবি, বাগেশ্বর বাবা তাঁর ছোট ভাইয়ের মতো। তাই তাঁকে নিজের পরিবারের সদস্য মনে করেই কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন। একইসঙ্গে রামদেব বলেন, তাঁর এই তিরস্কারকে বাগেশ্বর বাবা যেন অপমান নয়, বরং ভালোবাসা হিসেবেই গ্রহণ করেন।
একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন বাগেশ্বর বাবা। সম্প্রতি রামের গুণগান করতে গিয়ে কৃষ্ণের অপমান করেন তিনি। বলেন ‘‘তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি চলেন সোজা, কাজ করেন সোজা, তাঁর নামটাও অতি সহজ। নিজের দৃঢ়তা বজায় রাখেন সবক্ষেত্রে। আর কৃষ্ণের মূর্তি দেখো। ঘাড়, কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন! বাঁশি যে কেউ বাজাতে পারে, ভগবানের কাছে ওসব কোনও ব্যাপার নয়। আর বাঁশি কোনও কাজে লাগে না, রামের ধনুকই আসল।” শুধু তাই নয়, এর আগে কলকাতায় এসে দুর্গাপুজোয় আমিষভোজীদের ‘পাখণ্ডী’ বলে বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগে উঠেছিল বাগেশ্বর বাবার বিরুদ্ধে।
এই প্রসঙ্গেই বাগেশ্বরকে তোপ দেগে রামদেব বলেছিলেন, “কিছু মানুষ না বেদ পড়েছেন, না দর্শন-উপনিষদ, না কোরান, না রামায়ণ, না মহাভারত। এমনকী সংবিধান ও গণতন্ত্র সম্পর্কেও জানেন না তাঁরা। অথচ নানা কথা বলে চলেছেন। ওঁরা বলেন, আমরা সনাতন ও হিন্দু ধর্মকে বাঁচাব। আরে আগে নিজেকে বাঁচাও।” রামদেব আরও বলেন, কোনও দেব দেবীর মধ্যে তুলনা বা বাঁকা কথা বলা উচিত নয়। শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্য করে ক্ষমা চাওয়ার পরও একই কথা বলছেন। সমাজে সবকিছুরই একটি মর্যাদা, শৃঙ্খলা ও নিয়ম রয়েছে, সনাতন ধর্মের নামে ভণ্ডামি বা অবতারদের অসম্মান করার অধিকার কারও নেই। এখানেই বাগেশ্বরকে ধূর্ত, ভণ্ড, পাগল বলে তোপ দাগেন রামদেব।
কড়া সুরে আক্রমণের পর এবার বাগেশ্বর প্রসঙ্গে সুর কিছুটা নরম করে রামদেব বলেন, “বাবা বাগেশ্বর আমার সন্তানের মতো। তিনি আমার ছোট ভাই এবং আমার শিষ্যের মতোও। আমি ওর মধ্যে ভুল দেখেছিলাম এবং তাতে আমার কষ্ট হয়েছিল তাই আমি তাঁকে বকা দিয়েছিলাম। তিনি আমার তিরস্কারকে ভালবাসা হিসেবেই গ্রহণ করেছেন। এবং এটাই ওনার মহানুভবতা। এই নিয়ে আর কোনও উচ্চবাচ্য করা উচিত নয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিবাদ চলছে। এমনটা করবে না।”
