U19 Asia Cup: ‘আমরা কি বন্ধু হতে পারি না?’ ভারত-পাক ক্রিকেটারদের আগ্রাসনে ক্ষুব্ধ শোয়েব আখতার

Akhtar feels that the celebrations weren't needed
Akhtar feels that the celebrations weren't needed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ম্যাচের পর অশালীন অঙ্গভঙ্গি থেকে শুরু করে একে অপরকে লক্ষ্য করে কটূক্তি ও গালিগালাজ— সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই ঘিরে একাধিকবার দেখা গিয়েছে এমন অপ্রীতিকর ছবি। দুই দেশের তরুণ ক্রিকেটারদের এই আচরণ মোটেই ভালো চোখে দেখছেন না প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। ক্রিকেটের আগামী প্রজন্মকে কার্যত সতর্ক করে তাঁর বার্তা, মাঠে শুধু ভালো ক্রিকেট খেলাই যথেষ্ট নয়, খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্মান, শৃঙ্খলা ও কিছু মৌলিক মূল্যবোধ থাকাও জরুরি। প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু তার নামে সৌজন্য ও খেলোয়াড়সুলভ আচরণ বিসর্জন দেওয়া উচিত নয় বলেই মনে করছেন তিনি। 

একটি টিভি শোয়ে এসে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলছেন, “আজও আমি শচীনকে সম্মান করি, ওকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের মর্যাদা দিই। সৌরভ, শেহওয়াগের ক্ষেত্রেও একই ব্যাপার। আমরা একসঙ্গে খেলতাম। আজও আমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। বিপক্ষ দলে খেললেও কোনওদিন আমরা এইভাবে একে অপরের সঙ্গে আচরণ করিনি। কম বয়সে আগ্রাসন বেশি থাকে ঠিকই। কিন্তু এই তরুণ বয়স থেকেই তাদের মূল্যবোধ শেখানো অত্যন্ত জরুরি। তাদের বোঝাতে হবে, ১০-১৫ এমনকী কুড়ি বছরও একে অপরের বিরুদ্ধে খেলেও বন্ধু থাকা যায়।” 

প্রসঙ্গত, ওমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একপ্রকার অসম্ভবকে সম্ভব করে জিতেছে। স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে থাকা অবস্থা থেকে কামব্যাক করে ওই জয়ের পর আনন্দও কিছুটা বাঁধন হারা হয়েছে। আবেগ সামলাতে পারেনি মোহিতরা। ‘চিরশত্রু’ পাক ড্রেসিংরুমের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করে বসেছেন কেউ কেউ। পাক ক্রিকেটারদের সামনে গিয়েও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে অনেককে।

যদিও এই আচরণের ব্যাখ্যা দিয়ে ম্যাচ জয়ের কারিগর মোহিত উলভা বলছে, “ভারত বনাম পাকিস্তান ম্যাচে এরকম উত্তেজনা হয়েই থাকে। তার উপর এটা ছিল ফাইনাল। ওরাও খুব আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেট করেছিল গ্রুপ পর্বের ম্যাচের পর। তবে আমরা কিন্তু সেই নিয়ে মাথা ঘামাইনি। এবার আমরাও একইভাবে জবাব দিয়েছি। নিজেদের জয় সেলিব্রেট করেছি। আবেগ, আগ্রাসন সবই ছিল আমাদের।” শোয়েব বলছেন, ভারতীয় দলের আগ্রাসন তাঁকে মুগ্ধ করেছে। কিন্তু ক্রিকেট খেলার পাশাপাশি তরুণ তুর্কিদের মূল্যবোধের পাঠও দেওয়া দরকার। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের প্রতিনিধিত্ব করলেও বন্ধু থাকা যায়, সেই শিক্ষা দিতে চান প্রাক্তন পেসার। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…