AIMIM | মুসলিম বিয়ের আসর নিয়ে আপত্তিকর মন্তব্য! ওয়েইসির দলের নেতাকে ঘিরে শুরু বিতর্ক

AIMIM's Akhtarul Iman defends 'courtesans' remark on Muslim brides, cites Islamic teachings
AIMIM's Akhtarul Iman defends 'courtesans' remark on Muslim brides, cites Islamic teachings

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুসলিম বিয়ের অনুষ্ঠান ও সেখানে নারীদের উপস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন এআইএমআইএম নেতা আখতারুল ইমান। বিয়ের আসরে কনেদের বসার ধরন এবং পুরুষদের দৃষ্টিভঙ্গি নিয়ে আপত্তিকর উপমা ব্যবহার করেছেন তিনি। একই সঙ্গে বিয়েবাড়িতে নারী-পুরুষের অবাধ মেলামেশা এবং পর্দা প্রথা না মানা নিয়েও প্রশ্ন তুলেছেন বিহারে আসাদউদ্দিন ওয়েইসির দলের এই রাজ্য সভাপতি। তাঁর বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আখতারুল ইমানের মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস ও বিজেপি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নিন্দার ঝড়।

ঠিক কী বলেছেন আমোরের বিধায়ক আখতারুল? ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি আমাদের পুরুষদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি লজ্জাবোধ পুরোপুরি চলে গিয়েছে? নারী-পুরুষের এমন অবাধ মেলামেশা তো শূকরের স্বভাবের মতো।” তিনি নারীদের মাথা ঢেকে না রাখার জন্যও সমালোচনা করেন। বলেছেন, “আজকাল নারীদের মাথায় ওড়না বা কাপড় থাকার চেয়ে পুরুষদের মাথায় টুপি বেশি দেখা যায়।” তিনি আরও বলেন যে, “ইসলামে নারীদের জন্য পর্দা করা অপরিহার্য।” সেই সঙ্গেই কনের জনসমক্ষে বসে থাকাকে ‘তাওয়াইফ’-এর বসার ভঙ্গিটির সঙ্গে তুলনা করেন তিনি।

তাঁর এহেন মন্তব্যের পর নিন্দায় সরব হয়েছে বিজেপি ও কংগ্রেস। বিহারের পদ্ম শিবিরের নেতা দানিশ ইকবাল বলেছেন, ””এটা অত্যন্ত দুঃখজনক যে, একজন বিধায়ক এমন সব কথা বলছেন যা সেই সব পিছিয়ে থাকা মৌলানাদের বক্তব্যের মতোই, যাঁরা নারীদের অবমাননা করেন এবং তাঁদের অধিকার ক্ষুণ্ণ করেন। আমাদের নারীরা শিক্ষিত হচ্ছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্যের নজির গড়ছেন। উনি যদি শরিয়া নিয়ে এতই উদ্বিগ্ন থাকেন, তবে আফগানিস্তানে গিয়ে বসবাস করতে পারেন।”

এদিকে কংগ্রেস নেত্রী মুমতাজ প্যাটেল সংবাদ সংস্থা এএনআইকে এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ”এআইএমআইএমের মতো দলের, যারা নাকি মুসলমানদের প্রতিনিধিত্ব করার দাবি করে, তাদের নেতাদের নারীদের সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য করতে দেখাটা অত্যন্ত জঘন্য একটি বিষয়। ইসলামে কোথাও নারীদের এভাবে হেয় করা হয় না। আমাদের ধর্ম বা সংস্কৃতিতে নারীদের সাথে এমন আচরণ করা হয় না। বর্তমানে এমন এক বয়ান বা আখ্যান ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে এ ধরনের মন্তব্য ইসলামকে সবার সমালোচনার লক্ষ্যবস্তু করে তোলার সুযোগ করে দেয়। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই। একজন মুসলিম নারী হিসেবে আমার কাছে এমন মন্তব্য সম্পূর্ণ ভুল বলেই মনে হয়।”

বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েও নিজের অবস্থান থেকে সরে আসেননি আখতারুল ইমান। বরং নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তার পক্ষে সওয়াল করেছেন এআইএমআইএমের বিহার শাখার সভাপতি। তাঁর দাবি, বক্তব্যে হয়তো কিছুটা কঠোর ভাষা প্রয়োগ করেছেন, তবে তার উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা। বিষয়টি বোঝাতে অবাধ্য শিশুকে সময়মতো ঘুম থেকে তোলার জন্য গালে চড় মারার উদাহরণও টানেন তিনি। ইমানের কথায়, সাধারণ, ধর্মবিশ্বাসী ও ধর্মাচরণকারী মুসলমানদের উদ্দেশ্য করেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…