
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজের জায়গা ক্রমশ আরও পোক্ত করেছেন কে এল রাহুল। টেস্ট হোক কিংবা একদিনের ক্রিকেট, দলের প্রয়োজনে যে কোনও দায়িত্ব সামলাতে প্রস্তুত তিনি। কখনও টেস্টে ওপেন করে নজির গড়ছেন, কখনও আবার ওয়ানডেতে ম্যাচের শেষ পর্যন্ত লড়ে দলকে জেতাচ্ছেন। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আইপিএলেও ধারাবাহিকভাবে রান করে চলেছেন এই ভারতীয় তারকা। তবে সাফল্যের আড়ালেও রয়েছে কিছু অপূর্ণতা ও অতীতের ভুলের আক্ষেপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর নিজের ক্রিকেটজীবনের নানা অভিজ্ঞতা এবং না-পাওয়ার কথা খোলাখুলি তুলে ধরলেন কে এল রাহুল।
বিসিসিআই’কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলছেন, “একটা সময় ছিল, আমি তিন ফরম্যাটেই খেলতাম। টি-টোয়েন্টি বা ওয়ানডেতে ব্যাটে-বলে করতে হয়। আবার তার একসপ্তাহ পরেই হয়তো টেস্ট খেলতে হল। সেই সময় বল ছাড়তে অসুবিধা হত। যতটা সম্ভব দেরিতে খেলতে হত। সেই পরিবর্তনটা আমি আনতে পারিনি।” তারপর? রাহুল বুঝলেন, টেস্ট খেলা মানে শুধু বল ছাড়া নয়। তার জন্য মানসিক প্রস্তুতিও দরকার। তিনি বলছেন, “টেস্টের জন্য সম্পূর্ণ অন্য ধরনের প্রস্তুতি দরকার। ওয়ানডের থেকে তা আলাদা।”
রাহুল বলছেন, “ধৈর্য ধরেছি। কফি বানানোর ক্ষেত্রে একটা ভুল হলেই স্বাদ নষ্ট হয়ে যায়। টেস্ট ক্রিকেটও তাই। একটা ভুল হলে পুরো ইনিংসটা নষ্ট হয়ে যাবে। একটা বাজে শটে তিন-চার ঘণ্টার পরিশ্রম ব্যর্থ। ৩৬-৩৭ রান করে ফিরে যেতে হবে। আমি সেগুলো নিয়ে ভেবেছি। কফি বানানোর মতো ব্যাটিং নিয়েও খেটেছি।” তাছাড়া চোট সমস্যাও ছিল। রাহুল বলছেন, “চোট না পেলে হয়তো ১০-১৫টা টেস্ট বেশি খেলতাম। অতীতে ফিরলে মনে হয়, এই একটা জিনিসই বদলাতে চাই।”
তাঁর সংযোজন, “একজন অ্যাথলিটকে হোমওয়ার্ক ভালো করে করতে হয়। যে কোনও সিরিজ খেলার আগে ভালো প্রস্তুতি নিই। কী প্রয়োজন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। যেগুলো সমস্যা করতে পারে, সেগুলোর জবাব খোঁজার চেষ্টা করি। নিউজিল্যান্ড টেস্টের আগে পাঁচ-ছয় মাস এই নিয়ে ভেবেছি। একই ঘটনা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও। আমার কাছে ধারাবাহিকতাই আসল। আর বিভিন্ন জায়গায় ব্যাট করতে হলে মানসিকভাবে খুব শক্তিশালী হওয়া দরকার।”
