Humayun Kabir: দেড় মাসেই বদলে গেল সিদ্ধান্ত, ২০২৯-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে হুমায়ুন কবীর

Humayun Kabir
Humayun Kabir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রেজিনগর উপনির্বাচনের সময় রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অকারণ হয়রানির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। আবেগপ্রবণ হয়ে কান্নাভেজা গলায় বারবার অভিযোগ করেছিলেন, তাঁর ছেলে প্রার্থী হলেও কার্যত লড়াই করার সুযোগ পাননি। এমনকী প্রশাসন ও মুখ্যমন্ত্রীর প্রতি অভিমান প্রকাশ করে রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে পাকাপাকিভাবে দুবাইয়ে বসবাস করার কথাও ঘোষণা করেছিলেন। তবে সেই অবস্থানে অনড় থাকতে পারলেন না তিনি। মাত্র দেড় মাসের ব্যবধানেই ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন হুমায়ুন। আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার পরিকল্পনা বাতিল করে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার কথা মঙ্গলবার জানিয়ে দিলেন নওদার বিধায়ক।

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। গুটিকয়েক বিরোধী বিধায়কের মধ্যে একজন নওদার হুমায়ুন কবীর। তিনি সম্প্রতি যেভাবে সরকারের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন, তাতে বিধানসভা অধিবেশনে যোগ দেওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ৪ ডিসেম্বর অধিবেশন শুরুর দিন যাবেন বিধানসভায়। তারপর সপ্তাহান্ত। তাই ওইদিনই ফিরবেন মুর্শিদাবাদে। শাসকদলের সঙ্গে দূরত্বের কারণে নিজের এলাকার উন্নয়নের জন্য কীভাবে কাজ করবেন? এই প্রশ্নের জবাবে হুমায়ুন বললেন, ‘‘উপনির্বাচনে জেলায় যেভাবে পুলিশ মিথ্যে মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের ভোটের ময়দান থেকে প্রায় সরিয়ে দিচ্ছিল, তখন আমার খুব খারাপ লেগেছিল। ভোটে হারজিত আছে। কিন্তু আমি মনে করি, আমাদের জোর করে হারানো হয়েছে। তখন অভিমান, কষ্ট হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। আমার বিধানসভার লোকজন আমাকে কাজ করার জন্য নির্বাচিত করেছেন। তাঁদের জন্য যে যে কাজ করার, সেটা করব।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে যেমন একটা ওঠাপড়ার সম্পর্ক হুমায়ুনের, তা কি কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে? বিধায়কের স্পষ্ট জবাব, ‘‘রাজ্য প্রশাসনের যিনি সর্বময় কর্তা, সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, তাঁর সঙ্গে আমার অভিমান মিটে গিয়েছে। কাজের জন্য দরকার হলে তাঁর সঙ্গে দেখা করব, কথা বলব। তাঁকে এড়িয়ে তো কিছু করা যায় না।” এরপরই জানালেন ‘২৯-এর লোকসভা ভোটের মেগা পরিকল্পনার কথা। বললেন, ‘‘২০২৯ সালের লোকসভা ভোটে আমি নিজে লড়ব দুটি আসনে – বহরমপুর আর মুর্শিদাবাদ। আমার অনেকদিন ধরে ইচ্ছা। যদি আসন পুনর্বিন্যাসে কিছু এদিক-ওদিক হয়, তাহলে আলাদা। কিন্তু তাও আমি এবারের বিধানসভার মতো লোকসভাতেও দুটি আসনেই লড়াই করব।”  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…