
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রতিদিনের খাবারের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত নুন যেমন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, তেমনই কিছু পুষ্টিকর খাবার তা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। এর জন্য দামি খাবারের প্রয়োজন নেই। বরং রান্নাঘরের পরিচিত কয়েকটি উপকরণ দিয়েই খাদ্যতালিকায় আনা সম্ভব স্বাস্থ্যকর পরিবর্তন। সম্প্রতি এমস প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সৌরভ শেট্টী সমাজমাধ্যমে এমনই ৬টি খাবারের কথা তুলে ধরেছেন।
১. ডার্ক চকোলেট: চকোলেট খেতে ভালবাসেন? তা হলে বেশি পরিমাণে কোকোযুক্ত ডার্ক চকোলেট অল্প পরিমাণে খাদ্যতালিকায় রাখতে পারেন। চিকিৎসক জানাচ্ছেন, ৩৫টি পরীক্ষায় দেখা গিয়েছে, কোকোসমৃদ্ধ খাবার গড়ে প্রায় ২ এমএমএইচজি (মিলিমিটার অফ মার্কারি) রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। ডার্ক চকোলেটে থাকে ফ্ল্যাভানল নামের উদ্ভিজ্জ উপাদান। এগুলি রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এবং রক্তপ্রবাহ উন্নত করতে পারে। তবে চকোলেট বেছে নেওয়ার সময়ে কোকোর পরিমাণ বেশি এবং বাড়তি চিনি কম, এমন দেখে নেওয়া ভাল। একসঙ্গে গোটা চকোলেট বার নয়, কয়েক টুকরোই যথেষ্ট।
২. বিন এবং ডালজাতীয় খাবার: ডালজাতীয় খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করলে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে। এগুলিতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও উদ্ভিজ্জ প্রোটিন। এই পুষ্টিগুলি হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ডাঃ শেট্টীর উল্লেখ করা একটি গবেষণায় ৫৪৪ জনের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, বিন্স, ডাল এবং অন্যান্য ডালজাতীয় খাবার খাওয়ার ফলে সিস্টোলিক রক্তচাপ গড়ে প্রায় ২ এমএমএইচজি কমতে পারে।
৩. ভেষজ মশলাপাতি: রান্নায় স্বাদ বাড়াতে নুনের উপর অতিরিক্ত নির্ভর না করে রসুন, জিরে, ধনেপাতা, গোলমরিচ এবং অন্যান্য ভেষজ ও মশলা ব্যবহার করতে পারেন। এতে খাবারের স্বাদ বজায় রেখেও নুনের পরিমাণ কমানো সম্ভব। চিকিৎসক জানাচ্ছেন, একটি নির্দিষ্ট পরীক্ষায় দেখা গিয়েছে, ড্যাশ ডায়েট সোডিয়াম বা নুনের পরিমাণ কমালে সিস্টোলিক রক্তচাপ প্রায় ৭-১১ এমএমএইচজি পর্যন্ত কমেছিল।
৪. বিটের রস: বিটে রয়েছে প্রাকৃতিক নাইট্রেট। শরীরে এই উপাদান থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যা রক্তনালিকে শিথিল ও প্রসারিত হতে সাহায্য করে। ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সুবিধা হতে পারে। ২০২৪ সালের ১১টি পরীক্ষার একটি বিশ্লেষণে মোট ৩৪৯ জনের তথ্য পর্যালোচনা করা হয়েছিল। সেখানে দেখা যায়, নাইট্রেটসমৃদ্ধ বিটের রস উচ্চ রক্তচাপের রোগীদের সিস্টোলিক রক্তচাপ গড়ে প্রায় ৫ এমএমএইচজি কমাতে সাহায্য করেছে।
৫. তিসির বীজের গুঁড়ো: চিকিৎসকের বক্তব্য, একটি পরীক্ষায় দেখা গিয়েছে, পেরিফেরাল আর্টারি ডিজ়িজ়ে আক্রান্ত ব্যক্তিরা ছ’মাস ধরে প্রতিদিন ৩০ গ্রাম গুঁড়ো করা তিসির বীজ খাওয়ার পর তাঁদের সিস্টোলিক রক্তচাপ প্রায় ১০ এমএমএইচজি কমেছিল। প্রতিদিন এক টেবিলচামচ গুঁড়ো করা তিসির বীজ দিয়ে শুরু করতে পারেন। দই, ওট্স বা স্মুদির সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।
৬. কিউয়ি ফল: কিউয়ি শুধু ভিটামিন সি-র উৎস নয়, এতে রয়েছে পটাশিয়াম, ফাইবার এবং বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট। পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। ১১৮ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে করা একটি পরীক্ষার কথা জানিয়েছেন চিকিৎসক। সেখানে আট সপ্তাহ ধরে প্রতিদিন তিনটি কিউই খাওয়া ব্যক্তিদের ২৪ ঘণ্টার সিস্টোলিক রক্তচাপ, প্রতিদিন একটি আপেল খাওয়া ব্যক্তিদের তুলনায় প্রায় ৩.৬ এমএমএইচজি বেশি কমেছিল।
