
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে ক্রমশ বাড়ছে টানাপোড়েন। জোট আলোচনার মাঝেই কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব এবং পরে একতরফাভাবে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করায় ক্ষোভে ফুঁসছে হাত শিবির। সমাজবাদী পার্টির এই মনোভাবে অসন্তোষ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমরা ভিখারি নই।’ পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নেমেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, কংগ্রেসকে ২৬টি আসন দেওয়ার প্রস্তাবটি আলোচনার প্রাথমিক পর্যায়ের। এর অর্থ এই নয় যে শেষ পর্যন্ত কংগ্রেস ওই ২৬টি আসনেই সীমাবদ্ধ থাকবে। ফলে জোটের আসন সমঝোতা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
কংগ্রেস এবং সমাজবাদী পার্টি দু’পক্ষই জোটে আগ্রহী। দুই শিবিরই প্রকাশ্যে বলছে জোটের ব্যাপারে তাঁরা আন্তরিক। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রকাশ্যে মতের মিল হলেও মনের মিল হচ্ছে না দুই শিবিরের। জোট আলোচনার শুরুতেই সমাজবাদী পার্টির কাছে ১৮১ থেকে কমে ১৩০টি আসনের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। কিন্তু তাতেও পালটা ‘অসম্মান’ই জুটেছে। কংগ্রেসকে ২৬টি আসনে লড়ার প্রস্তাব দিয়েছে সমাজবাদী পার্টি। শুধু তাই নয়, ওই নামমাত্র অফার দেওয়ার পর নিজেদের মতো করে পাঁচ আসনে প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
সমাজবাদী পার্টির ওই আচরণে ক্ষুব্ধ হাত শিবিরের। কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি ইমরান মাসুদ বলছেন, “এভাবে নিজের জোটশরিকের সঙ্গে লড়াই করে আপনি হাসিল করবেন? এটা তো জোটই নয়। জোটে তো সঙ্গীরা থাকে। বিক্ষুকরা নয়।” ইমরান মাসুদ সাফ বলছেন, “আমরা কোনও ভিক্ষা চাইছি না। আমরা আমাদের ভাগ চাইছি।” ইমরানের সাফ কথা, “প্রার্থী তালিকা আমাদেরও তৈরি। আমরা শুধু জোটের কথা ভেবে ঘোষণা করছি না।”
কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে চলা সংঘাতকে হাতিয়ার করে ইতিমধ্যেই আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য দুই দলের জোটকে ‘ঠগবন্ধন’ বলে কটাক্ষ করেছেন। এই পরিস্থিতিতে জোটের ভাঙন এড়াতে সক্রিয় হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সমাজমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসকে মাত্র ২৬টি আসনেই আটকে রাখার কোনও পরিকল্পনা নেই। তাঁর কথায়, প্রথম দফার আলোচনায় কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আলোচনা এখনও শেষ হয়নি। আগামী দিনে কংগ্রেসকে আরও আসনের তালিকা জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে এমন কিছু আসনের কথাও জানিয়েছেন, যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা থাকলেও দলটি এখনও সেগুলি বিবেচনায় আনেনি।
অখিলেশের বার্তা, সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার জন্য বিরোধীদের হাতে বড় সুযোগ এসেছে। তাই পারস্পরিক মতপার্থক্য ভুলে একজোট হয়ে লড়াই করা প্রয়োজন। তাঁর মতে, নির্বাচনে সমাজবাদী পার্টি বা কংগ্রেসের আলাদা পরিচয়ে নয়, বরং প্রতিটি আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবেই লড়াই হওয়া উচিত। অখিলেশের এই বার্তার পর কংগ্রেসের অবস্থান কী হয় এবং আসন সমঝোতার আলোচনা কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
