
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ তুলে এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক সৌরভ দাস। বুধবার তাঁর আইনজীবী আদালতে জরুরি শুনানির আবেদন জানান। তবে বুধবারই মামলাটির শুনানি করতে রাজি হয়নি আদালত। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করার কথা জানিয়েছে দিল্লি হাই কোর্ট। সৌরভের অভিযোগ, বৈধ পাসপোর্ট ও ব্রিটেনের ভিসা থাকা সত্ত্বেও তাঁকে লন্ডনগামী বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানবন্দরের অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁর পাসপোর্টে আপত্তি রয়েছে বলে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনার সূত্রপাত ২৩ নভেম্বর রাতে। ওই দিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল সৌরভের। ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর বক্তৃতা দেওয়ার কর্মসূচি ছিল। আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়নের আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেখানে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে বক্তব্য রাখার কথা ছিল। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন সৌরভ। কিন্তু বিমানবন্দরে অভিবাসন পরীক্ষার সময় তাঁর পাসপোর্টে অসঙ্গতির কথা জানিয়ে যাত্রায় বাধা দেওয়া হয়।
সৌরভের দাবি, বিমানবন্দরে তাঁকে কোনও নির্দিষ্ট নিষেধাজ্ঞার নির্দেশ বা লুক আউট সার্কুলার (LOC) দেখানো হয়নি। তাঁর আইনজীবী কৃষ্ণেশ বাপট বুধবার দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন ওয়াসুদেও সাম্ব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার ডিভিশন বেঞ্চে বিষয়টি জরুরি ভিত্তিতে শোনার আবেদন জানান। আইনজীবীর বক্তব্য ছিল, সৌরভের ব্রিটেন সফরের কর্মসূচি নির্ধারিত রয়েছে এবং দেরি হলে সেই সফরের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেতে পারে। কিন্তু আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার মামলাটি শোনা হবে।
এদিকে সৌরভের পাসপোর্ট নিয়ে পৃথক বিতর্কও সামনে এসেছে। চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর (RPO) ২৩ নভেম্বর তাঁকে একটি কারণ দর্শানোর নোটিস পাঠায়। সেখানে জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সরকারি সূত্রের দাবি, তাঁর পাসপোর্ট, আধার কার্ড এবং স্কুলের শংসাপত্রে জন্মতারিখ, বাবার নাম ও জন্মস্থানের মতো কিছু তথ্যে অসামঞ্জস্য রয়েছে। ২০১৯ সালের ২১ অগস্ট চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর থেকে তাঁর পাসপোর্টটি ইস্যু করা হয়েছিল। অভিযোগের ব্যাখ্যা সন্তোষজনক না হলে পাসপোর্ট বাজেয়াপ্ত করার পদক্ষেপ করা হতে পারে বলেও নোটিসে উল্লেখ রয়েছে।
তবে সৌরভের অভিযোগ, বিমানে ওঠার মাত্র পাঁচ ঘণ্টা আগে এই নোটিস পাঠানো হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁর অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির এক মুখপাত্র অবশ্য তাঁর বিদেশ সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
