
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : হিজাব বিধি না মেনে মঞ্চে গান গাওয়ার অভিযোগে ইরানি গায়িকা পরাস্তু আহমেদিকে ৭৪ ঘা চাবুক মারার শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বছর দুয়েক আগে এক কনসার্টে হিজাব ছাড়াই চার পুরুষ সঙ্গীতশিল্পীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি। সেই অনুষ্ঠানের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত। ইরানের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়। এবার সেই ঘটনার জেরেই গায়িকাকে এমন শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন মহল। আন্তর্জাতিক স্তরেও উঠেছে নিন্দার ঝড়।
২০২৬ সালের জুন মাসে সেদেশের কোম শহরের এক আদালত পরাস্তুকে দোষী সাব্যস্ত করেছিল। সেই রায়ের ভিত্তিতেই এহেন শাস্তি কার্যকর করা হয়। আহমেদি এবং তাঁর টিমের বিরুদ্ধে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন এবং ইরানি কর্তৃপক্ষের দৃষ্টিতে ‘অশ্লীল’ বলে গণ্য হয় এমন বিষয়বস্তু তৈরির অভিযোগ আনা হয়েছিল। যদিও ওই রায় বাতিলের জন্য কিংবা সাজা কমানোর জন্য কোমেরই এক আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরাস্তু এবং তাঁর দল, তবে সেই আবেদন গত সেপ্টেম্বর মাসে খারিজ হয়ে যায়। সেই প্রেক্ষিতেই সোমবার ইরানি গায়িকা-সহ তাঁর টিমের সকলকে শাস্তিস্বরূপ ৭৪ ঘা চাবুক মারা হয়।
এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে পরাস্তুর আইনজীবী জানিয়েছেন, সাধ্যমতো সবরকম চেষ্টা করা সত্ত্বেও শাস্তি আটকাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তবে চাবুক মারার পাশাপাশি আরও দুই সাজাও আরোপ করা হয়েছে। প্রথমত, পরাস্তু আহমেদি ও তাঁর টিমের উপর বছর দুয়েকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছ। দ্বিতীয়ত, এই দু’বছর তাঁদের ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। অর্থাৎ এই গোটা সময়টা ইরান ছেড়ে বেরতে পারবেন না তিনি।
২০২৪ সালের ডিসেম্বরেই এই বিতর্কের সূত্রপাত। নিজের ইউটিউব চ্যানেলে প্রায় ২৭ মিনিটের একটি লাইভ কনসার্টের ভিডিও প্রকাশ করেছিলেন ইরানি গায়িকা পরাস্তু আহমেদি। সেই ভিডিওতে হিজাব ছাড়াই স্লিভলেস পোশাকে চারজন পুরুষ সঙ্গীতশিল্পীর সঙ্গে মঞ্চে গান গাইতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে তিনি ইরানের জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ (দেশের তরুণদের রক্ত থেকে) পরিবেশন করেছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ইরানের পোশাকবিধি লঙ্ঘন নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই ঘটনাই শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়।
