
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বিশ্বসুন্দরীর মঞ্চে ফের এক নতুন ইতিহাস। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার মুকুট জিতে নিলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বোশ। অন্যদিকে, ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৯ বছরের কাজিয়া লিজ মেজো সেরা ৩০-এ জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সেরা ১২-তে পৌঁছতে পারলেন না। ফলে এবছরও অধরা থেকে গেল ভারতের মিস ইউনিভার্স খেতাব জয়ের স্বপ্ন।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের নজর কাড়েন জেনিফার। শেষ পর্যন্ত তাঁর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং চূড়ান্ত প্রশ্নের উত্তরে মুগ্ধ হন বিচারকরা। ফাইনালে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান বিশ্বে নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি কী প্রয়োজন? উত্তরে জেনিফার বলেন, বিশ্বের প্রয়োজন সহমর্মিতাপূর্ণ নেতৃত্ব। এমন নেতৃত্ব, যেখানে অন্যের মতামতকে সম্মান করা হবে, মানুষের সমস্যাকে গুরুত্ব দেওয়া হবে এবং নিজের মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকা হবে। তাঁর এই উত্তরই চূড়ান্ত পর্বে বিশেষ প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানার-আপের শিরোপা পেয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ। ফাইনালের সেরা পাঁচে জায়গা করে নিয়েছিল ফিলিপিন্স, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডমিনিকান রিপাবলিক এবং পুয়ের্তো রিকো। ৭৫তম বর্ষের বিশেষ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় সান জুয়ানের জোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে।
জেনিফারের এই জয় পুয়ের্তো রিকোর কাছেও অত্যন্ত গর্বের। কারণ, এর মাধ্যমে ষষ্ঠবারের জন্য মিস ইউনিভার্সের মুকুট এল এই দ্বীপরাষ্ট্রে। এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-দেউ, ১৯৯৩ সালে দয়ানারা টরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। এবারের জয় আরও বিশেষ, কারণ জেনিফার একজন বিবাহিত মহিলা এবং সাত বছরের কন্যাসন্তানের মা। মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়মে পরিবর্তনের পর কোনও মা হিসেবে তাঁর এই জয় নতুন ইতিহাস তৈরি করল। পেশাগতভাবে তিনি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত।
অন্যদিকে, ভারতের প্রতিনিধি কাজিয়া লিজ মেজোর যাত্রাও একেবারে মন্দ ছিল না। কেরলের বাসিন্দা ১৯ বছরের এই তরুণী পেশায় আইন বিভাগের ছাত্রী। পাশাপাশি তিনি মডেল, শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী হিসেবেও পরিচিত। জাতীয় স্তরের প্রতিযোগিতায় ৫২ জন প্রতিযোগীকে পিছনে ফেলে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট জিতেছিলেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে প্রথমে সেরা ৩০-এ জায়গা করে নেন। কিন্তু সুইমস্যুট রাউন্ডের পর সেরা ১২-র তালিকা প্রকাশিত হলে সেখানে তাঁর নাম ছিল না। ফলে সেখানেই শেষ হয় ভারতের হয়ে তাঁর এবারের বিশ্বসুন্দরী হওয়ার দৌড়।
তবে কাজিয়ার এই যাত্রাকে ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। কাজিয়ার উদ্দেশে সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করার সময় কাজিয়া যে আত্মবিশ্বাস, ভালোবাসা এবং মর্যাদা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর কথায়, কাজিয়া অনেকের মন জয় করেছেন এবং তাঁকে নিয়ে তিনি গর্বিত। মিস ইউনিভার্স ইন্ডিয়া কর্তৃপক্ষও কাজিয়ার পাশে দাঁড়িয়ে জানিয়েছে, মুকুট অন্য কারও মাথায় উঠলেও কাজিয়া দেশের গর্ব হয়েই থাকবেন।
উল্লেখ্য, ভারত এখনও পর্যন্ত তিনবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্ত এবং ২০২১ সালে হারনাজ সান্ধু এই সম্মান অর্জন করেছিলেন। ফলে ২০২৬ সালেও ভারতের চতুর্থ মুকুট জয়ের অপেক্ষা শেষ হল না। তবে কাজিয়ার সেরা ৩০-এ পৌঁছনো এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
