
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে বলিউডে প্রেমের গল্প বলার ধরনেও এসেছে নানা পরিবর্তন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ছবিতে অধিকারবোধ, অতিরিক্ত সন্দেহ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণ করার প্রবণতাকেই ভালোবাসার প্রকাশ হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে এই ধরনের সম্পর্কের উপস্থাপনা একেবারেই সমর্থন করেন না অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর মতে, বিষাক্ত সম্পর্ক কখনও ভালোবাসার সমার্থক হতে পারে না। বরং এমন সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। তাই নিজের অভিনীত কোনও ছবিতে এ ধরনের চরিত্র থাকলেও তাকে কখনও ইতিবাচক বা আদর্শ প্রেমের উদাহরণ হিসেবে দেখাতে চান না আয়ুষ্মান। বরং পর্দায় এমন চরিত্রের নেতিবাচক দিকগুলিই স্পষ্টভাবে তুলে ধরার পক্ষে তিনি।
ইদানীং ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবির প্রচারে ব্যস্ত আয়ুষ্মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে বিষাক্ত প্রেমের উপস্থাপনা নিয়ে মুখ খোলেন অভিনেতা। তাঁর কথায়, সব ধরনের ছবিরই দর্শক রয়েছে। কিন্তু বিষাক্ত প্রেমকে গৌরবান্বিত করে দেখানো ব্যক্তিগত ভাবে তাঁর পছন্দ নয়। আয়ুষ্মানের বক্তব্য, যে ধরনের ছবিতে তিনি কাজ করেছেন, সেখানে ছবির বার্তা সঠিক হওয়া প্রয়োজন। কোনও চরিত্রের আচরণ যদি বিষাক্ত হয়, তা হলে তাকে নেতিবাচক হিসাবেই চিহ্নিত করা উচিত। শিল্পী হিসাবে এটাই তাঁর বিশ্বাস। অন্য অভিনেতারা এমন গল্পে অভিনয় করতে চাইলে তাঁদের সিদ্ধান্তকেও সম্মান করেন তিনি। তবে নিজে সেই পথে হাঁটতে নারাজ।
এমনকি, কোনও ছবির বাণিজ্যিক সাফল্য সম্পর্কে নিশ্চিত হলেও চিত্রনাট্য পছন্দ না হলে পিছিয়ে আসতে পারেন আয়ুষ্মান। অভিনেতার কথায়, অতীতেও এমন ছবির প্রস্তাব ফিরিয়েছেন তিনি। তাঁর কাছে ছবির সঙ্গে নিজের ভাবনাচিন্তার মিল থাকাটা জরুরি। শুধুমাত্র বক্সঅফিসে সাফল্যের সম্ভাবনা রয়েছে বলেই কোনও ছবিতে অভিনয় করতে রাজি হন না তিনি।
