
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেলেও এবার প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধের মুখে পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। আগামী শুক্রবার, ২৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। আর সেই ছবির মুক্তিকে কেন্দ্র করেই বাংলার একাধিক সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। ফলে ফের হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতায় পড়ে প্রেক্ষাগৃহ হারানোর আশঙ্কায় বাংলা ছবি। এর আগে ‘রামায়ণ’-এর মুক্তির সময়ও শো পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বাংলা ছবিটিকে। এবার নতুন করে একই পরিস্থিতির মুখে সায়ন্তন ঘোষালের পরিচালিত এই ছবি। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ পরিচালক। কঠিন সময়েও নিজের ছবি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি।
মুক্তির পরই ছুটছে ‘সাধক বামাক্ষ্যাপা’র বিজয়রথ। সপ্তাহজুড়ে একাধিক শো হাউসফুল! নামভূমিকায় সব্যসাচী চৌধুরীর জয়জয়কার। দর্শকধন্য এই বাংলা ছবির উপর কোপ পরার সম্ভবনায় মন ভারাক্রান্ত আপামর বাঙালির। শহর কলকাতায় ‘সাধক বামাক্ষ্যাপা’ ক্রেজ ঠিক কতখানি সেই ছবিই তুলে ধরেছেন। পাঁচদিন আগে অর্থাৎ রবিবারের অগ্রিম বুকিং এককথায় নজরকাড়া। সিনেমার টিকিট বুকিং ওয়েবসাইটের একাধিক স্ক্রিন শট শেয়ার করেছেন সায়ন্তন। সেখানেই ‘ট্রেন্ডিং’ হিসেবে জ্বলজ্বল করছে ‘সাধক বামাক্ষ্যাপা’। মধ্য কলকাতা থেকে উত্তর ও দক্ষিণ-সহ শহরতলির সিংহভাগ সিনেমাহল, মাল্টিপ্লেক্সের প্রায় সবক’টি শো প্রায় হাউসফুল। শুক্রে শো সরিয়ে দেওয়া হবে, এই দোলাচলের মাঝেও ‘সাধক বামাক্ষ্যাপা’ নিয়ে দর্শকের উন্মাদনা, ভালোবাসায় আপ্লুত সায়ন্তন ঘোষাল। পরিচালকের আবেগঘন বার্তা, ‘মঙ্গলবার কোনও উৎসবমুখর দিন নয়। ঘড়ির কাঁটায় তখন এগারোটা। রবিবারের প্রায় সব শো হাউসফুল। বাংলার দর্শককে অনেক ধন্যবাদ।’

হিন্দি ছবির জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’কে উৎখাতের সিদ্ধান্তে মঙ্গলবার হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে সংশ্লিষ্ট ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি অবশ্য হিন্দি সিনেমার আগ্রাসনেই বারবার মাশুল গুনছে বাংলা সিনেমা, এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে, “এগুলো সবই রাজনৈতিক স্টেটমেন্ট। এর কোনও গুরুত্ব নেই। সিনেমাকে সিনেমার মতো চলতে দেওয়া উচিত।”
