
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টানা চারটি সফল সিজনের পর ফের নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন সচিবজি ওরফে জীতেন্দ্র কুমার। আগামী ডিসেম্বরেই ফুলেরা গ্রামের গোটা টিমকে নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে সিরিজের পঞ্চম সিজন। সোমবার ভোপালে আয়োজিত হয় ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। সেখানেই নির্মাতাদের তরফে দর্শকদের জন্য উঠে আসে এক চমকপ্রদ খবর। জানা যাচ্ছে, ‘মির্জাপুর: দ্য মুভি’-র পথ অনুসরণ করার পরিকল্পনা রয়েছে ‘পঞ্চায়েত’-এর নির্মাতাদেরও। অর্থাৎ, ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দাতেও ‘পঞ্চায়েত’কে নিয়ে যাওয়ার ভাবনা শুরু হয়েছে। ‘মির্জাপুর’-এর হাত ধরে ওটিটি থেকে সিনেমার পর্দায় যাওয়ার যে নতুন দিগন্ত খুলেছে, সেই পথেই হাঁটতে চাইছে ‘পঞ্চায়েত’ টিম।
অত্যন্ত জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ বড় পর্দায় মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ‘পঞ্চায়েত ৫’ও আরও বেশি সাফল্য অর্জনের তাগিদে এবার সেই একই পথের পথিক? নাকি ‘মির্জাপুর: দ্য মুভি’র অনেক আগেই এই ভাবনা? ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উঠে এল অজানা অনেক গল্প। ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নির্মাতারা জানিয়েছেন তাঁরা হলমুক্তি নিয়ে বেশ আগ্রহী। এবিষয়ে ভাবনাচিন্তাও শুরু করেছেন। ভোপাল সংলগ্ন মহোদিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে টিভিএফ-এর প্রেসিডেন্ট বিজয় কোশি জানান, ২০১৬ সাল থেকেই ‘পঞ্চায়েত’কে বড় পর্দায় মুক্তির পরিকল্পনা করছিলেন। বিজয় কোশির কথায়, “প্রত্যেক গল্পকারেরই মূল লক্ষ্য বড় পর্দা। ২০১৬ সালেও আমরা ‘পঞ্চায়েত’কে সিনেমাহলে মুক্তির কথা ভেবেছিলাম। ‘মির্জাপুর’ বা অন্য কোনও সিরিজের সাফল্য দেখে এখন এই ভাবনা আসেনি। আমরা বরাবরই একদিন এই গল্পকে বড় পর্দায় নিয়ে যেতে চেয়েছি। আমাদের জনপ্রিয়তা এবং পঞ্চাশটি শো নির্মাণের অভিজ্ঞতার পর বড় পর্দাই হবে আসল পরীক্ষা।”

‘পঞ্চায়েত’ ছবিতে সিরিজের সম্পূর্ণ কাস্টকে পাওয়ার আশাও প্রকাশ করেছেন বিজয় কোশি। তাঁর কথায়, ‘পঞ্চায়েত’কে বড় পর্দায় নিয়ে যাওয়ার স্বপ্ন বহুদিনের। আশা করি, এখানে উপস্থিত প্রত্যেকেই এই স্বপ্নের অংশ হবেন। আর কোনও একদিন আমরা বড় পর্দায় পঞ্চায়েত: দ্য মুভি দেখতে পাব।”
