
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বেআইনি পাথর খাদান এবং ডিসিআর জালিয়াতির অভিযোগে তদন্তের কেন্দ্রে বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। বুধবার ফের তাঁকে সিউড়ি থানায় হাজিরা দিতে দেখা যায়। সকাল ১০টা নাগাদ থানায় পৌঁছন তিনি। এর আগে শনিবার ও মঙ্গলবারও তাঁকে থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। বুধবার নিয়ে পরপর তিন দিন সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু। এদিন প্রায় আড়াই ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্ত এখানেই থেমে থাকছে না। বুধবার দুপুরে তাঁকে মহম্মদবাজার থানাতেও তলব করা হয়েছে। পাশাপাশি, কলকাতার ভবানীভবনে সিআইডির দফতরেও হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সিআইডির সেই তলব এদিন এড়িয়ে যান টুলু মণ্ডল।
এদিন বেলা ১টা নাগাদ সিউড়ি থানা থেকে বের হন টুলু মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানান, “আইনকে সম্মান করি বলেই প্রত্যেকটি তলবে হাজিরা দিচ্ছি। আবার ডাকলে আবার আসব।” এদিন সিআইডি হাজিরা এড়ানো নিয়েও টুলুর আইনজীবী সিকান্দর আনসারি জানান, “পরে যে কোনও দিন ডাকলে যাওয়া হবে। সেই মতো সিআইডিতে মেইলও করা হয়েছে।” জানা গিয়েছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ পুরনো একটি মামলায় টুলুকে মহম্মদ বাজার থানায় হাজিরা দিতে বলা হয়। এদিন তিনি সেখানেও হাজিরা দেবেন বলে খবর।
গত শনিবার প্রথম সিউড়ি থানায় টুলুকে তলব করা হয়েছিল। সে দিন ছ’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরে মঙ্গলবার আবার ডাকা হয়েছিল। মঙ্গলবার প্রায় ন’ঘণ্টা সিউড়ি থানায় ছিলেন টুলু। জানা গিয়েছে, শুক্রবার সিউড়ি হাজিরা দেওয়ার পর টুলু দাবি করেছিলেন, সিউড়ি থানার তদন্তকারী আধিকারিককে তিনি প্রশ্ন করেছিলেন, কেন হেনস্থা করা হচ্ছে। তিনি বীরভূম জেলার মধ্যে সর্বোচ্চ করদাতা। কর ফাঁকি দিয়ে ব্যবসা করেন না। তার পরেও তাঁর ব্যবসায়িক নথিপত্র কেন নিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে দাবি করেন টুলু মণ্ডল।
বেআইনি পাথর খাদানের ব্যবসা, রাজস্বের টাকা নয়ছয়, ভুয়ো ডিসিআর তৈরির মতো একাধিক অভিযোগে একাধিক মামলা রুজু হয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। তৃণমূল জমানায় পাথর ব্যবসায়ী হিসেবে সরকারি প্রকল্পের বরাত পেতেন তিনিই। বিদেশে থাকাকালীন সেই মামলার চার্জশিটে টুলুকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল। টুলুর ম্যানেজার মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা তদন্তে গতি আসে। ব্যবসায়ীর বেশ কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেপ্তারও করে পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরতে টুলুকে। শীর্ষ আদালতের নির্দেশে তাঁর রক্ষাকবচ থাকলে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। পুলিশের পাশাপিশ সিআইডির নজরেও বীরভূমের ‘পাথরসম্রাট’। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তের সূত্রে তলব করা হয় টুলুকে। দিনকয়েক আগে ভবানী ভবনে এসে হাজিরা দেন তিনি। বুধবার ফের তাঁকে তলব করা হলেও সিআইডি দপ্তরের হাজিরা এড়ান টুলু। সূত্রের খবর, সিআইডিকে মেল করে যে কারণগুলি জানানো হয়েছে, তার মধ্যে বীরভূম থেকে কলকাতার দূরত্ব, বুধ ও বৃহস্পতিতে বীরভূমেই অন্য মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ। পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণও দেখিয়েছেন টুলু।
