
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনি জটিলতা ফের বাড়ল। তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন আপাতত মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মিলন প্রধানকে আত্মসমর্পণ করতে হবে। এর ফলে ফের আইনি চাপে পড়লেন নন্দীগ্রামের এই কংগ্রেস প্রার্থী। উল্লেখ্য, এর আগে আদালতের নির্দেশেই অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। তবে সেই স্বস্তি আর দীর্ঘায়িত হল না।
উপনির্বাচনের দোরগোড়ায় ১৯ বছরের পুরনো মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মিলন প্রধান। ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন পর্বে খু*ন, খু*নে*র চেষ্টা, লোকজন নিয়ে জমায়েত, লুটপাট-সহ মামলা রুজু হয়েছিল। নন্দীগ্রাম ও খেজুরি থানায় অভিযোগ ছিল। মিলনের বিরুদ্ধে মোট ছটি মামলা রুজু হয়েছিল। ভোটআবহে গারদের ওপারে ছিলেন তিনি। জামিন পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস প্রার্থী।
ভোটের আগে সব মামলাতেই শর্ত সাপেক্ষে হাই কোর্ট মিলনকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বলা হয়, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মিলনকে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপই করেনি শীর্ষ আদালত। মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহালই ছিল। সেই সঙ্গে রাজ্য সরকারকে হাই কোর্টে ফিরতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ভোটের পরে ফের মিলন প্রধানকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।
আদালতের আগের নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ করেননি মিলন প্রধান। বুধবার ফের কলকাতা হাই কোর্টে মামলাটির শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এদিন আত্মসমর্পণের পরিবর্তে নতুন করে জামিনের আবেদন জানানো হয় তাঁর তরফে। তবে আদালতের নির্দেশ অমান্য করে আত্মসমর্পণ না করায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। কড়া অবস্থান নিয়ে আদালত জানিয়ে দিয়েছে, আগামী শুক্রবার, ২৭ নভেম্বরের মধ্যে মিলন প্রধানকে আত্মসমর্পণ করতেই হবে। তবে পরবর্তী সময়ে নিয়মিত বেঞ্চে তাঁর জামিনের আবেদন জানানোর সুযোগ থাকবে।
উল্লেখ্য, নন্দীগ্রাম উপনির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মিলন প্রধান। যদিও নির্বাচনে জয় অধরা থাকে তাঁর। বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হন হাসিরানি রথ।
