
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বাংলা আকাদেমির আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে এবার তদন্তের আঁচ পৌঁছল প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর দিকেও। এই ঘটনায় এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতায় এলেন ব্রাত্য বসুও। কমিশন সূত্রে খবর, বুধবার বাংলা আকাদেমি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মোট ১১ জন আধিকারিককে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আর্থিক অনিয়ম সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এই পর্বের জিজ্ঞাসাবাদ শেষ হলে বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুকেও ডেকে পাঠানো হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। ফলে বাংলা আকাদেমির দুর্নীতির অভিযোগে তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর।
সম্প্রতি বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইআটি থানায় ব্রাত্য বসু, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ প্রায় ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে একটি জিরো এফআইআর দায়ের হয়। সেখানে তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তা, তোলাবাজি ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। পুলিশ এর তদন্ত শুরু করেছে। কিন্তু কয়েক মাস আগেই বাংলা আকাদেমির পুরস্কার প্রাপক নির্বাচন ও বই ছাপানোর ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে। কমিশনের কাছে জমা পড়া অভিযোগ ও নথি প্রাথমিক ভাবে খতিয়ে দেখার পর তদন্ত শুরু হয়। কমিশনের কর্তারা বাংলা আকাদেমি পরিদর্শন করে সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তথ্য-সংস্কৃতি দপ্তরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে রাজ্যের প্রাতিষ্ঠনিক দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হওয়ার পর তৃণমূল আমলে বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুর বিরুদ্ধেও তদন্ত শুরু করে কমিশন।
বাংলা আকাদেমির আর্থিক দুর্নীতির তদন্তে এবার একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদের পথে হাঁটছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন। কমিশন সূত্রে খবর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের ১১ জন আধিকারিককে ইতিমধ্যেই তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর্থিক অনিয়মের নেপথ্যে প্রাক্তন দুই মন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। এই পর্বের পর প্রাক্তন মন্ত্রী তথা বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। অন্যদিকে, ইন্দ্রনীল সেন বর্তমানে জেলবন্দি থাকায় তাঁকে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায় কি না, সেই বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে বাংলা আকাদেমির দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। দুর্গাপুর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তীব্র আক্রমণ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর কটাক্ষ, “যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ব্রাত্যবাবু। এর বিচার একদিন হবেই।” তৃণমূলের মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে শিক্ষিত মহিলাদের শারীরিক ও মানসিকভাবে ব্যবহার করার অভিযোগও তুলেছেন তিনি। ব্রাত্য বসুর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলে সৌমিত্রর দাবি, তৃণমূলের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করার পর এখন পরিস্থিতি বদলাতেই দলটিকে বর্জ্য পদার্থ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তৃণমূল থাকবে কি না, তা নিয়ে ব্রাত্য বসুর মন্তব্যে কিছু যায় আসে না বলেও কটাক্ষ করেন তিনি। ব্রাত্য বসুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সৌমিত্র জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।
